তেল সংকট ও চোরাচালান ঠেকাতে কঠোর পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৮ মার্চ ২০২৬, ১৯:১৪
দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ থাকা সত্ত্বেও কৃত্রিম সংকট সৃষ্টি ও চোরাচালান ঠেকাতে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি স্বরাষ্ট্রমন্ত্রীকে এ বিষয়ে চিরুনি অভিযান চালানোর নির্দেশ দেন এবং সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় সতর্ক থাকার আহ্বান জানান।
শনিবার (২৮ মার্চ) বিকেলে জাতীয় সংসদ ভবন-এ সরকারদলীয় সংসদীয় কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান চিফ হুইপ নুরুল ইসলাম।
চিফ হুইপ বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্ববাজারে তেলের দাম বাড়লেও সরকার তা নিয়ন্ত্রণে রাখতে কাজ করছে। প্রতি মাসে প্রায় ২০০ কোটি টাকা ভর্তুকি দিয়ে তেলের দাম স্থিতিশীল রাখার চেষ্টা করা হচ্ছে। তবে অসাধু কিছু চক্র কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছে এবং সীমান্ত দিয়ে তেল পাচারের অভিযোগও পাওয়া গেছে।
তিনি জানান, দেশে বর্তমানে জ্বালানি তেলের কোনো ঘাটতি নেই। ইতোমধ্যে প্রায় ২ লাখ মেট্রিক টন তেলবাহী জাহাজ বন্দরে পৌঁছেছে এবং আরও ২ লাখ মেট্রিক টন তেল আসছে।
প্রধানমন্ত্রী সংসদ সদস্যদের নির্দেশ দিয়েছেন, তারা যেন জেলা ও স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করেন। বিশেষ করে কেউ যাতে অতিরিক্ত তেল মজুত করতে না পারে এবং বাজারে তেলের দাম অযৌক্তিকভাবে না বাড়ে, সে বিষয়ে নজর রাখতে বলা হয়েছে। আগামী অধিবেশনে জ্বালানি মন্ত্রী এ বিষয়ে বিস্তারিত বক্তব্য দেবেন।
বৈঠকের শুরুতে স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে শোক প্রকাশ ও মোনাজাত করা হয়। এছাড়া সাম্প্রতিক বাস ও ট্রেন দুর্ঘটনা নিয়েও আলোচনা হয়। দুর্ঘটনার কারণ ও প্রতিরোধে গৃহীত পদক্ষেপ সম্পর্কে সংশ্লিষ্ট মন্ত্রীরা সংসদীয় কমিটিকে অবহিত করেন।
চিফ হুইপ আরও জানান, প্রধানমন্ত্রী প্রথমবারের মতো মন্ত্রীদের বাধ্য করেছেন সংসদ সদস্যদের বিস্তারিত তথ্য দিয়ে নিয়মিত অবহিত করতে, যাতে তারা নিজ নিজ এলাকায় কার্যকর পদক্ষেপ নিতে পারেন। এখন থেকে প্রতি মাসে এ ধরনের ব্রিফিং আয়োজনের পরিকল্পনাও রয়েছে।
সংসদীয় স্থায়ী কমিটি গঠন প্রসঙ্গে তিনি বলেন, এ বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত আসতে পারে। এছাড়া সংরক্ষিত নারী আসনসহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিলের রিপোর্ট ৩০ মার্চের মধ্যে উপস্থাপনের লক্ষ্য নিয়ে কাজ চলছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।