সচিবালয়ে আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৯ মার্চ ২০২৬, ১২:৪৮
সপ্তাহের প্রথম কর্মদিবসে রোববার সকাল ৯টায় সচিবালয়ে প্রবেশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে প্রতিদিনের মতো সরাসরি নিজ দপ্তরে না গিয়ে এদিন তিনি বিভিন্ন মন্ত্রণালয়ে আকস্মিক পরিদর্শনে যান।
প্রধানমন্ত্রী গাড়ি থেকে নেমেই বিদ্যুৎ ও জ্বালানি, মৎস্য ও প্রাণিসম্পদ, মহিলা ও শিশু বিষয়ক, স্বাস্থ্য এবং গণপূর্ত মন্ত্রণালয়সহ অন্তত আটটি মন্ত্রণালয় পরিদর্শন করেন। হঠাৎ এই পরিদর্শনে সংশ্লিষ্ট দপ্তরগুলোর কার্যক্রম সম্পর্কে সরাসরি খোঁজখবর নেন তিনি। পরিদর্শন শেষে তিনি মন্ত্রিপরিষদ বিভাগে ফিরে আসেন।
এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি মোস্তফা জুলফিকার হাসান (হাসান শিপলু) বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে, দিনের কর্মসূচি অনুযায়ী রোববার সকালে কৃষি মন্ত্রী, প্রতিমন্ত্রী, সচিব ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে ‘কৃষক কার্ড’ নিয়ে বৈঠক করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এছাড়া দুপুরে তিনি জাতীয় সংসদের অধিবেশনে যোগ দেবেন।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।