সরকারে কোনো দুর্নীতি হচ্ছে কিনা, খতিয়ে দেখা হবে: জাহেদ উর রহমান
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৭ এপ্রিল ২০২৬, ২১:৪১
প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, দুর্নীতি দমন কমিশন পুনর্গঠনের পর আগের সরকারের পাশাপাশি বর্তমান সরকারের মধ্যেও কোনো অনিয়ম বা দুর্নীতি রয়েছে কি না, তা খতিয়ে দেখা হবে। সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দুদক এখনও পুনর্গঠনের প্রক্রিয়ায় রয়েছে। এটি সম্পন্ন হলে বিভিন্ন মন্ত্রণালয়ে ওঠা দুর্নীতির অভিযোগ তদন্ত শুরু করা হবে। তিনি আরও বলেন, কেবল আগের সরকারের দুর্নীতি নয়, বর্তমান সরকারের ভেতরেও কোনো অনিয়ম থাকলে সেটিও তদন্তের আওতায় আনা হবে।
প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জানান, দুর্নীতির পথ বন্ধ করতেই সরকার এ ধরনের কার্যক্রমে গুরুত্ব দিচ্ছে এবং এ লক্ষ্যে একটি কার্যকর প্রতিষ্ঠান গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে।
সরকারের সমালোচনার অভিযোগে এক নারীকে গ্রেপ্তারের ঘটনায় তিনি বলেন, বিষয়টি গুরুত্বসহকারে পর্যালোচনা করা হচ্ছে।
মতপ্রকাশের স্বাধীনতা রক্ষায় সরকারের প্রতিশ্রুতি রয়েছে উল্লেখ করে জাহেদ উর রহমান বলেন, বিভ্রান্তিকর তথ্য ছড়ানো বা অস্থিরতা তৈরির চেষ্টা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে। তবে শুধুমাত্র মতপ্রকাশের কারণে কাউকে হয়রানি করা উচিত নয় বলেও তিনি মন্তব্য করেন।
সরকারি সিদ্ধান্ত জনগণের কাছে সঠিকভাবে পৌঁছাচ্ছে না— এমন অভিযোগ স্বীকার করে তিনি বলেন, নিয়মিত ব্রিফিংয়ের মাধ্যমে সরকারের সঙ্গে জনগণের যোগাযোগ বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।
জ্বালানি সংকট মোকাবিলায় দোকান বন্ধের সময় পরিবর্তন বা অফিস সময় কমানোর মতো সিদ্ধান্ত নিয়ে বিভ্রান্তির বিষয়ে তিনি বলেন, সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করে ধাপে ধাপে সিদ্ধান্ত নিচ্ছে। প্রয়োজনে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
এ সময় তথ্য সচিব মাহবুবা ফারজানাসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।