দেশের চারটি অঞ্চলে দুপুরের মধ্যেই দমকা হাওয়াসহ ঝড়বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে স্বাভাবিক সময়ের তুলনায় কয়েকগুণ বেশি বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে বলে সতর্ক করা হয়েছে। এ কারণে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত অভ্যন্তরীণ নদীবন্দরের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
পূর্বাভাস অনুযায়ী, দুপুর ১টার মধ্যে রংপুর, ময়মনসিংহ, কুমিল্লা ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এর সঙ্গে থাকতে পারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি।
এ পরিস্থিতিতে এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ২ নম্বর সতর্ক সংকেত দেখাতে নির্দেশনা দেওয়া হয়েছে।
এদিকে আগের রাতের আরেক পূর্বাভাসে বলা হয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার মধ্যে ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
পূর্বাভাসে আরও জানানো হয়, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ ধীরে ধীরে প্রশমিত হতে পারে।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।