বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

সরকার ও প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে: ধর্মমন্ত্রী

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২৬, ২১:২৪

ছবি: সংগৃহীত

সরকার ও প্রধানমন্ত্রীর বিরুদ্ধে নানা ধরনের ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের বিরুদ্ধেও অপচেষ্টা অব্যাহত রয়েছে। সরকারের ভাবমূর্তি যাতে কোনোভাবেই ক্ষুণ্ন না হয়, সে বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।

বুধবার (১৫ এপ্রিল) সকালে রাজধানীর আশকোনায় হজ ক্যাম্পের সম্মেলনকক্ষে হজ টিমের সদস্যদের প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হজ টিমের সদস্যদের উদ্দেশে ধর্মমন্ত্রী বলেন, তারা হজযাত্রীদের খাদেম হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন, যা অত্যন্ত সৌভাগ্যের বিষয়। নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে হজযাত্রীদের সেবা করলে আল্লাহর সন্তুষ্টি অর্জন সম্ভব বলেও উল্লেখ করেন তিনি। এ সময় টিমের সদস্যদের প্রকৃত খাদেম হিসেবে দায়িত্ব পালনের আহ্বান জানান মন্ত্রী।

তিনি আরও বলেন, হজযাত্রীদের সেবা বাদ দিয়ে অন্য কোনো কাজে জড়ানো যাবে না। হাজীদের সঙ্গে অবহেলা বা অনিয়মের কোনো সুযোগ নেই। আল্লাহর মেহমানদের সেবায় কোনো ধরনের গাফিলতি বরদাশত করা হবে না বলেও কঠোর সতর্কবার্তা দেন তিনি।

ধর্মমন্ত্রী জানান, যারা দায়িত্বশীলতার সঙ্গে কাজ করবেন এবং হাজীদের সন্তুষ্টি অর্জন করবেন, তাদের পরবর্তী বছরেও হজসেবার সুযোগ দেওয়া হবে। আর যারা যথাযথ দায়িত্ব পালন করতে ব্যর্থ হবেন, তাদের মক্কা থেকে দেশে ফিরিয়ে আনা হবে।

মন্ত্রীর আহ্বানে হজ টিমের সদস্যরা হজযাত্রীদের সর্বোচ্চ সেবা দেওয়ার বিষয়ে হাত তুলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

প্রশিক্ষণ অনুষ্ঠানে ধর্মসচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার, ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান এবং হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. মো. আয়াতুল ইসলাম।

এর আগে উপস্থাপনায় বিভিন্ন টিমের দায়িত্ব ও কর্তব্য তুলে ধরেন হজ অনুবিভাগের যুগ্ম সচিব ড. মঞ্জুরুল হক।

প্রশিক্ষণে হজ মনিটরিং, প্রশাসনিক, প্রশাসনিক সহায়ক, কারিগরি ও সমন্বিত চিকিৎসক টিমের সদস্যরা অংশ নেন।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top