বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

সংবিধান সংশোধন ছাড়া কোনো বিকল্প নাই: চিফ হুইপ

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২৬, ২০:২৮

ছবি: সংগৃহীত

সংবিধান সংশোধনের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন সরকারদলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি। বুধবার (১৫ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনের বিরতির পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

চিফ হুইপ জানান, সংবিধান সংশোধন একটি অপরিহার্য প্রক্রিয়া এবং এ বিষয়ে রাজনৈতিক ঐকমত্য গড়ে তোলার চেষ্টা চলছে। বিরোধীদলের সঙ্গে কিছু মতপার্থক্য থাকলেও তা মূলত সংশোধনের পদ্ধতি নির্ধারণকে কেন্দ্র করেই সীমাবদ্ধ রয়েছে। তিনি আশা প্রকাশ করেন, খুব দ্রুত এ বিষয়ে সমাধানে পৌঁছানো সম্ভব হবে।

তিনি আরও বলেন, প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে প্রধানমন্ত্রীকে জবাবদিহিতার আওতায় আনা হয়েছে, যা প্রমাণ করে রাষ্ট্রের কেউই জবাবদিহিতার বাইরে নন।

কর্মসংস্থান প্রসঙ্গে চিফ হুইপ বলেন, সরকার নতুন শ্রমবাজার খুঁজে বের করতে কাজ করছে এবং দক্ষ মানবসম্পদ গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। পাশাপাশি কর্মমুখী শিক্ষা বিস্তারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।

শিক্ষা খাতে তিনি বলেন, শিক্ষার্থীদের দ্বিতীয় ভাষা হিসেবে ইংরেজিতে দক্ষ করে তোলার পাশাপাশি বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়াতে সংশ্লিষ্ট দেশের ভাষা শেখানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

সশস্ত্র বাহিনী প্রসঙ্গে চিফ হুইপ অভিযোগ করেন, পূর্ববর্তী সরকার বাহিনীকে রাজনীতিকরণ করেছিল। তবে বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে বলে দাবি করেন তিনি।

গণমাধ্যমের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, ইতিবাচক ও নেতিবাচক—উভয় ধরনের সংবাদই সমান গুরুত্ব দিয়ে প্রকাশ করা উচিত। উদাহরণ হিসেবে তিনি উল্লেখ করেন, তেল শোধনাগার বন্ধ হওয়ার খবর প্রচারিত হলেও তেলবাহী জাহাজ বন্দরে আসার বিষয়টি তেমন গুরুত্ব পায়নি।

সবশেষে তিনি বলেন, কিছু বিষয়ে মতানৈক্য থাকলেও সংবিধান সংশোধনে রাজনৈতিক ঐকমত্য খুব বেশি দূরে নয়।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top