বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩

ছাত্র আন্দোলনে জামায়াত-শিবিরের পরামর্শ নেইনি: সংসদে নুরুল হক নুর

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২৬, ২০:৩২

ছবি: সংগৃহীত

ছাত্র আন্দোলনের সময় জামায়াতে ইসলামী বা ছাত্রশিবিরের সঙ্গে কোনো ধরনের আলোচনা কিংবা তাদের কাছ থেকে কোনো পরামর্শ গ্রহণ করা হয়নি বলে জাতীয় সংসদে জানিয়েছেন শ্রম প্রতিমন্ত্রী নুরুল হক নুর।

তিনি বলেন, জামায়াতে ইসলামীর অতীত অবদান তিনি স্বীকার করেন। তবে ছাত্র আন্দোলনের নেতৃত্ব দেওয়ার সময় তাদের সঙ্গে কোনো যোগাযোগ বা পরামর্শ নেওয়ার সুযোগ হয়নি।

বুধবার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ২৪তম দিনে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

নুরুল হক নুর বলেন, জুলাই নিয়ে অনেকেই এখন ফায়দা নেওয়ার চেষ্টা করছে। তবে এটি ছিল দীর্ঘ দেড় দশকের লড়াই-সংগ্রামের ধারাবাহিকতা। তিনি উদাহরণ টেনে বলেন, একটি ফুটবল খেলায় শেষ সময়ে গোল করলেই কেউ সেরা খেলোয়াড় হয়ে যায় না। যারা রাজপথে জীবন দিয়েছে, তারা কোনো সুবিধাভোগী দল গঠনের জন্য রক্ত দেয়নি।

তিনি আরও বলেন, ১৬ জুলাই থেকে ২ আগস্ট পর্যন্ত সময় ছিল অত্যন্ত চ্যালেঞ্জিং। আন্দোলনের আট দফা কর্মসূচি তিনি নিজেই প্রণয়ন করেন। সে সময় নিয়মিত যোগাযোগ ছিল বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে। গ্রেপ্তারের আগ মুহূর্ত পর্যন্ত আন্দোলনের কৌশল নিয়ে আলোচনা করেছেন দলের বিভিন্ন নেতার সঙ্গে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সংসদীয় গণতন্ত্রের পথে অগ্রণী উল্লেখ করে নুর বলেন, প্রবাসে থেকেও তিনি নেতাকর্মীদের উজ্জীবিত রেখেছেন। ২০২২ সালে ঘোষিত ৩১ দফা রাষ্ট্র সংস্কার প্রস্তাবের অনেক দিক বর্তমান সরকার বাস্তবায়ন করছে বলেও দাবি করেন তিনি।

নুরুল হক নুর বলেন, অযথা বিরোধিতার জন্য বিরোধিতা না করে সত্যকে সামনে আনার আহ্বান জানিয়ে তিনি ধর্মীয় উদ্ধৃতি টেনে বলেন, সত্যের সঙ্গে মিথ্যার মিশ্রণ করা এবং জেনে-শুনে সত্য গোপন করা উচিত নয়। বিএনপিকে সংস্কারবিরোধী হিসেবে উপস্থাপন করাকে তিনি অসুস্থ রাজনৈতিক সংস্কৃতি বলে মন্তব্য করেন।

আগামী পাঁচ বছর সরকারকে গঠনমূলক সমালোচনা ও ইতিবাচক পরামর্শের মাধ্যমে সহযোগিতা করার জন্য বিরোধী দলের প্রতি আহ্বান জানান তিনি।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top