বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩

মুক্তিযুদ্ধের চেতনা আমরা ধারণ করি, বিক্রি করি না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২৬, ২১:১৫

ছবি: সংগৃহীত

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, সংসদে যারা রয়েছেন তারা মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করেন না, বরং তা ধারণ করেন। বুধবার রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এ মন্তব্য করেন এবং মুক্তিযোদ্ধাদের প্রতি সর্বোচ্চ সম্মান প্রদর্শনের আহ্বান জানান।

তিনি বলেন, গতকাল সংসদে মুক্তিযুদ্ধ নিয়ে আলোচনা হয়েছে। বিরোধী দলের মধ্যেও মুক্তিযোদ্ধা রয়েছেন। সংসদে আমরা যারা আছি, তারা মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করি না, বরং তা ধারণ করি।

তিনি আরও বলেন, সংসদে যেসব বীর মুক্তিযোদ্ধা রয়েছেন, তাদের নামের আগে ‘বীর মুক্তিযোদ্ধা’ উল্লেখ করা হলে নতুন প্রজন্ম তাদের সম্পর্কে আরও ভালোভাবে জানতে পারবে এবং তাদের প্রতি শ্রদ্ধা বাড়বে। এই সংস্কৃতি সংসদের ভেতরে চালু হলে তা ধীরে ধীরে সমাজেও বিস্তৃত হবে।

এ সময় স্পিকার জানান, ইতোমধ্যে মুক্তিযোদ্ধার সংজ্ঞায় কিছু পরিবর্তন আনা হয়েছে এবং সংসদও তা অনুমোদন দিয়েছে। নতুন সংজ্ঞা অনুযায়ী, যারা অস্ত্র হাতে সরাসরি যুদ্ধ করেছেন তারাই মূল মুক্তিযোদ্ধা হিসেবে বিবেচিত হবেন, অন্যরা সহায়ক হিসেবে গণ্য হবেন। তিনি আরও বলেন, সংসদে সাধারণত আসনভিত্তিক পরিচয় ব্যবহার করা হয়। প্রকৃত মুক্তিযোদ্ধাদের বিষয়টি নিশ্চিত হলে প্রয়োজন অনুযায়ী সম্মানসূচকভাবে তাদের নাম উল্লেখ করা হবে।

প্রসঙ্গত, ২০২০ সালের অক্টোবর মাসে একটি প্রজ্ঞাপনের মাধ্যমে সব ক্ষেত্রে মুক্তিযোদ্ধাদের নামের আগে ‘বীর’ শব্দ ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছিল। পরে ২০২৪ সালে এই শব্দ ব্যবহার বাতিলের প্রস্তাব তোলা হয় মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ফারুক-ই-আজমের পক্ষ থেকে।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top