জকসু নেতাকে প্রকাশ্যে থাপ্পড় মারলেন ছাত্রদল নেত্রী
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২৬, ২১:০৪
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ইনডোর গেমস প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জকসুর ক্রীড়া সম্পাদক জর্জিস আনোয়ার নাঈমকে থাপ্পড় মারার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত হিসেবে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেত্রী সাদিয়া সুলতানা নেলীর নাম উঠে এসেছে।
বুধবার (২৯ এপ্রিল) বিকেল তিনটার দিকে শিক্ষক-শিক্ষার্থীদের উপস্থিতিতে এ ঘটনা ঘটে, যা মুহূর্তেই ক্যাম্পাসজুড়ে উত্তেজনা ছড়িয়ে দেয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ইনডোর গেমসের ক্যারম প্রতিযোগিতার ফাইনালে দুটি দল অংশ নেয়। এর মধ্যে এক দলে ছিলেন ছাত্রদল নেত্রী নেলী। অপর দলে ভিন্ন বিভাগের দুই শিক্ষার্থী অংশগ্রহণ করায় খেলার নিয়ম লঙ্ঘনের অভিযোগ ওঠে।
এ অবস্থায় ক্রীড়া সম্পাদক জর্জিস আনোয়ার নাঈম খেলা স্থগিত রাখা অথবা উভয় দলকে যৌথভাবে বিজয়ী ঘোষণার প্রস্তাব দেন। এ সিদ্ধান্তকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে তর্ক-বিতর্ক ও পাল্টাপাল্টি অভিযোগ শুরু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সময় নেলী ক্রীড়া সম্পাদককে আলাদা করে ডেকে নেন এবং তাকে হুমকি দেন। একপর্যায়ে জর্জিস ধন্যবাদ জানালে নেলী সবার সামনে তাকে থাপ্পড় মারেন।
ভুক্তভোগী জর্জিস আনোয়ার নাঈম বলেন, অনিয়মের কারণে নিরপেক্ষ সিদ্ধান্ত দেওয়ার চেষ্টা করেছিলেন তিনি। কিন্তু এ কারণে তাকে হুমকি ও শারীরিকভাবে লাঞ্ছিত হতে হয়েছে। তিনি আরও জানান, বিষয়টি উপাচার্যের কাছে জানালে তাকে প্রক্টরের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।
অন্যদিকে, ঘটনার সত্যতা স্বীকার করেছেন অভিযুক্ত সাদিয়া সুলতানা নেলী। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, খেলায় স্বজনপ্রীতির কারণে তিনি এমন পদক্ষেপ নিয়েছেন এবং ভবিষ্যতে এমন ঘটলে আরও কঠোর প্রতিক্রিয়া দেখাবেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক নাসির উদ্দীন বলেন, তিনি ঘটনাটি সরাসরি দেখেননি, তবে শুনেছেন। বিষয়টি নিয়ে জকসুর নেতারা উপাচার্যের সঙ্গে কথা বলেছেন এবং তা সমাধানের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।