সোমবার, ৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

বিকল্প কৃষি উদ্যোগ সম্প্রসারণে সরকার কাজ করছে: কৃষিমন্ত্রী

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৪ মে ২০২৬, ১৭:৪৭

সংগৃহীত

কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ জানিয়েছেন, মুক্তা চাষসহ বিকল্প কৃষি উদ্যোগ সম্প্রসারণে সরকার কাজ করছে এবং এটিকে আনুষ্ঠানিকভাবে কৃষির আওতায় আনার পরিকল্পনা নেওয়া হয়েছে।

সোমবার (৪ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন-এ অনুষ্ঠিত জেলা প্রশাসক সম্মেলন ২০২৬-এর অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী জানান, চিংড়ির পোনা উৎপাদনে দেশীয় সক্ষমতা বাড়াতে সরকার গুরুত্ব দিচ্ছে। তবে প্রয়োজন হলে আমদানির ক্ষেত্রেও জীবাণু সংক্রমণের ঝুঁকি বিবেচনায় সতর্ক অবস্থান নেওয়া হবে।

তিনি বলেন, মাঠ প্রশাসনের সঙ্গে জনগণের সরাসরি যোগাযোগ থাকায় কৃষি ও মৎস্য খাতের উন্নয়নে জেলা প্রশাসকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি কৃষিখাতকে সরকারের সর্বোচ্চ অগ্রাধিকারের বিষয় বলেও উল্লেখ করেন।

সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে মন্ত্রী বলেন, কৃষি কার্ড, ফ্যামিলি কার্ড, সহজ শর্তে ঋণ, প্রণোদনা এবং বিনামূল্যে সার, বীজ ও কীটনাশক বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে। দেশের ৭৫ থেকে ৯০ শতাংশ মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষির সঙ্গে সম্পৃক্ত বলেও তিনি উল্লেখ করেন।

দেশীয় মাছের উৎপাদন বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে মন্ত্রী বলেন, প্রাকৃতিক আবাসস্থল ধ্বংসের কারণে অনেক দেশি মাছ বিলুপ্তির পথে। এ পরিস্থিতি মোকাবিলায় গ্রামভিত্তিক মাছের অভয়ারণ্য গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

কীটনাশকের অপব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, অনিয়ন্ত্রিত ব্যবহারে মাটির উর্বরতা ও পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই আধুনিক ও পরিবেশবান্ধব কীটনাশক ব্যবহারে জোর দেওয়া হচ্ছে।

বিশেষ অতিথির বক্তব্যে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, দেশের প্রশাসনিক কার্যক্রমে জেলা প্রশাসকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তারা রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

তিনি আরও জানান, জেলেদের সহায়তায় ভিজিএফ কর্মসূচির পাশাপাশি প্রায় ৪০ হাজার জেলে পরিবারকে দুই মাসের খাদ্য সহায়তা দেওয়া হয়েছে, যার জন্য প্রায় ২৪ কোটি টাকা ব্যয় হয়েছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী, কৃষি সচিব ড. রফিকুল ই মোহামেদ, মৎস্য ও প্রাণিসম্পদ সচিব মো. দেলোয়ার হোসেন এবং খাদ্য সচিব আবু তাহের মো. মাসুদ রানা প্রমুখ।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top