পাইকারি বিদ্যুতের দাম ২১ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৬ মে ২০২৬, ১৬:২৮

ছবি: সংগৃহীত

পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। বিদ্যুৎ খাতে ঘাটতি ও লোকসান কমাতে ১৭ শতাংশ থেকে সর্বোচ্চ ২১ শতাংশ পর্যন্ত মূল্যবৃদ্ধির আবেদন করা হয়েছে বিদ্যুৎ নিয়ন্ত্রণ কমিশনের কাছে।

বুধবার (৬ মে) বিকেলে সংশ্লিষ্ট কমিশনের এক সদস্য জানান, পিডিবির পাঠানো প্রস্তাবে পাইকারি বিদ্যুতের দাম ১৭ থেকে ২১ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ রয়েছে। তিনি বলেন, বিষয়টি কারিগরি কমিটিতে পর্যালোচনা করা হবে এবং এরপর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

এর আগে সর্বশেষ ২০২৪ সালের ফেব্রুয়ারিতে বিদ্যুতের দাম সমন্বয় করা হয়। ওই সময় খুচরা পর্যায়ে গড়ে ৮ দশমিক ৫ শতাংশ এবং পাইকারি পর্যায়ে ৫ শতাংশ দাম বাড়ানো হয়েছিল। এতে পাইকারি বিদ্যুতের প্রতি ইউনিটের গড় দাম ৬ টাকা ৭০ পয়সা থেকে বেড়ে ৭ টাকা ৪ পয়সা হয়।

নতুন প্রস্তাব অনুযায়ী ১৭ থেকে ২১ শতাংশ মূল্যবৃদ্ধি কার্যকর হলে প্রতি ইউনিটে আরও প্রায় ১ টাকা ২০ পয়সা থেকে ১ টাকা ৪৮ পয়সা পর্যন্ত বাড়তে পারে।

এদিকে রাজনৈতিক অঙ্গনে বিদ্যুৎ-গ্যাসের দাম না বাড়ানোর প্রতিশ্রুতির বিষয়টি আলোচনায় থাকলেও আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও বৈশ্বিক পরিস্থিতির কারণে সরকার নতুন করে মূল্য সমন্বয়ের দিকে এগোচ্ছে বলে জানা গেছে।

গত ৯ এপ্রিল বিদ্যুতের দাম পর্যালোচনা করে সুপারিশ দিতে মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়। সেই কমিটির রিপোর্টের ভিত্তিতেই পরবর্তী সিদ্ধান্ত আসবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

 
 


বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top