শূন্য রানে অলআউট, সব ব্যাটসম্যানই বোল্ড

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৬ মে ২০২৬, ১৬:৪৬

ছবি: সংগৃহীত

আজ ৬ মে ক্রিকেট ইতিহাসে এক অবিস্মরণীয় ঘটনার স্মরণীয় দিন। ১৯২২ সালের এই দিনে ইয়র্কশায়ারের জেলা পর্যায়ের একটি টুর্নামেন্টে অবিশ্বাস্য এক কীর্তি গড়েছিলেন বোলার জেনিংস টিউন। প্রতিপক্ষ দলের ১০ ব্যাটসম্যানকেই কোনো রান না করতে দিয়ে আউট করেন তিনি।

ক্রিকেটে প্রতিপক্ষের সব উইকেট একাই নেওয়া যেকোনো বোলারের জন্যই অত্যন্ত কঠিন ও বিরল অর্জন। আন্তর্জাতিক ক্রিকেটে এখন পর্যন্ত মাত্র তিনজন বোলার এক ইনিংসে ১০ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন। তাঁরা হলেন জিম লেকার, অনিল কুম্বলে এবং এজাজ প্যাটেল।

প্রথম শ্রেণির ক্রিকেটেও এক ইনিংসে ১০ উইকেট নেওয়ার ঘটনা বিরল। সেরা বোলিংয়ের রেকর্ডটি হেডলি ভেরিটির দখলে। ১৯৩২ সালে কাউন্টি চ্যাম্পিয়নশিপে নটিংহামশায়ারের বিপক্ষে তিনি ১০ উইকেট নেন মাত্র ১০ রান খরচে।

তবে ক্রিকেট ইতিহাসে এর চেয়েও বিস্ময়কর ঘটনা রয়েছে। স্বীকৃত ক্রিকেটের বাইরের পরিসংখ্যানে দেখা যায়, কোনো রান না দিয়েই ১০ উইকেট নেওয়ার ঘটনা ঘটেছে প্রায় ২৫ বার। এর মধ্যে সবচেয়ে আলোচিত দুটি কীর্তি বিশেষভাবে উল্লেখযোগ্য।

প্রথমটি জেনিংস টিউনের। ১৯২২ সালের ওই ম্যাচে তিনি মাত্র ৫ ওভার বল করে ৫টি মেডেন ওভারসহ ১০ উইকেট শিকার করেন এবং প্রতিপক্ষকে শূন্য রানে গুটিয়ে দেন। সব ব্যাটসম্যানই তাঁর বোলিংয়ে বোল্ড হয়ে ফিরে যান।

এর ৭২ বছর পর ১৯৯৪ সালে ইংল্যান্ডের ডারহামে একটি বয়সভিত্তিক টুর্নামেন্টে একই কীর্তি গড়েন ১৭ বছর বয়সী অ্যালেক্স কেলি। পরবর্তীতে আরও কয়েকজন বোলার কোনো রান না দিয়ে ১০ উইকেট নিলেও সবাইকে বোল্ড করার ঘটনা খুবই বিরল।

প্রথম শ্রেণির ক্রিকেটে সব ব্যাটসম্যানকে বোল্ড করার এক ঐতিহাসিক উদাহরণ রয়েছে জন উইজডেনের নামেও। ১৮৫০ সালে লর্ডস মাঠে তিনি এক ইনিংসে প্রতিপক্ষের ১০ ব্যাটসম্যানকেই বোল্ড করেন। ওই ম্যাচে তাঁর দল জয় পায় ইনিংস ও ১৯ রানে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top