বিজয়ের পাশে কংগ্রেস, তবে সাম্প্রদায়িকতা নিয়ে কঠোর অবস্থান
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৬ মে ২০২৬, ১৬:১৯
তামিলনাড়ুর সাম্প্রতিক বিধানসভা নির্বাচনের পর অভিনেতা বিজয়ের নেতৃত্বাধীন নতুন রাজনৈতিক দল তামিলাগা ভেট্রি কালাগামকে (টিভিকে) সরকার গঠনে সমর্থন দেওয়ার ঘোষণা দিয়েছে কংগ্রেস। তবে এই সমর্থন শর্তসাপেক্ষ জোটে কোনোভাবেই সাম্প্রদায়িক বা সংবিধানবিরোধী শক্তি রাখা যাবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে দলটি।
কংগ্রেসের তামিলনাড়ু শাখা এবং বিধানসভা দলের পক্ষ থেকে টিভিকে-কে সমর্থনের সিদ্ধান্ত নেওয়া হলেও, অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির তামিলনাড়ু দায়িত্বপ্রাপ্ত নেতা গিরিশ চোদাঙ্কর জানান, জোট তখনই গ্রহণযোগ্য হবে যখন এতে কোনো বিভাজনমূলক শক্তি যুক্ত থাকবে না।
এই সমর্থন পেলে টিভিকে’র আসন সংখ্যা আরও পাঁচটি বৃদ্ধি পাবে। বর্তমানে দলটির আসন ১০৭টি। কংগ্রেস যুক্ত হলে তা দাঁড়াবে ১১২-তে। তবে সরকার গঠনের জন্য প্রয়োজন ১১৮টি আসন, ফলে এখনও ছয়টি আসনের ঘাটতি থেকে যাচ্ছে।
এ অবস্থায় বিজয় অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা শুরু করেছেন বলে জানা গেছে। তিনি বিদুথালাই চিরুথাইগাল কাচ্চি, সিপিআই এবং সিপিএম-এর সমর্থন চাইছেন। এসব দল পাশে এলে টিভিকে’র আসন সংখ্যা ১১৯-এ পৌঁছে সরকার গঠনের প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত হবে।
এদিকে রাজনৈতিক অঙ্গনে নতুন উত্তেজনা তৈরি হয়েছে টিভিকে নেতাদের এআইএডিএমকে প্রধান এডাপ্পাদি কে পালানিস্বামীর সঙ্গে বৈঠকের খবরকে কেন্দ্র করে। এতে বিজেপি জোটে থাকা এআইএডিএমকে-এর অভ্যন্তরীণ বিভাজন আরও স্পষ্ট হচ্ছে বলে ধারণা করা হচ্ছে।
কংগ্রেস আরও জানিয়েছে, টিভিকে’র সঙ্গে তাদের এই জোট শুধু সরকার গঠনেই সীমাবদ্ধ নয়, ভবিষ্যতের স্থানীয় নির্বাচন, লোকসভা ও রাজ্যসভা নির্বাচনেও তা অব্যাহত থাকবে। দলটির দাবি, এই জোট পারস্পরিক সম্মান ও যৌথ দায়িত্বের ভিত্তিতে গড়ে উঠছে।
নির্বাচনের ফলাফলে টিভিকে বড় চমক দেখিয়ে ২৩৪ আসনের মধ্যে ১০৮টি আসন জিতে রাজ্যের সবচেয়ে বড় দল হিসেবে আবির্ভূত হয়। এই ফলের মাধ্যমে দীর্ঘদিনের দ্রাবিড় রাজনীতির দুই প্রধান শক্তি ডিএমকে ও এআইএডিএমকে-এর আধিপত্যে ভাঙন দেখা দেয়। ডিএমকে পায় ৫৯টি আসন এবং এআইএডিএমকে নেমে আসে ৪৭টিতে।
বিজয় নিজে দুটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে দুই আসনেই জয়ী হন। দলীয় সূত্রে জানা গেছে, তিনি সম্ভবত ত্রিচি ইস্ট আসনটি ছেড়ে দিয়ে পেরামবুর আসনটি রাখবেন, ফলে সেখানে উপনির্বাচন অনুষ্ঠিত হতে পারে।
সূত্র: এনডিটিভি
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।