শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২

নেত্রকোনা-৪ আসনে বিপুল ব্যবধানে জয় পেলেন লুৎফুজ্জামান বাবর

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০১

সংগৃহীত

নেত্রকোনা-৪ (মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরী) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বিপুল ভোটের ব্যবধানে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তিনি জামায়াতের প্রার্থীকে ১ লাখ ২১ হাজার ৪২ ভোটে পরাজিত করেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) মধ্যরাতে সংশ্লিষ্ট সূত্র এ ফলাফল ঘোষণা করে।

প্রাপ্ত ফলাফলে জানা যায়, এই আসনের তিনটি উপজেলা—মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরীর ১৫০টি ভোটকেন্দ্রের ফলাফলে ধানের শীষ প্রতীকে লুৎফুজ্জামান বাবর পেয়েছেন ১ লাখ ৬০ হাজার ৩৫১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আল হেলাল তালুকদার, যিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী, পেয়েছেন ৩৯ হাজার ৩০৯ ভোট।

এ আসনে আরও প্রতিদ্বন্দ্বিতা করেছেন মুখলেসুর রহমান (ইসলামী আন্দোলন বাংলাদেশ), জলি তালুকদার (কমিউনিস্ট পার্টি অব বাংলাদেশ-সিপিবি) এবং চম্পা রানী সরকার (বাংলাদেশ রেভল্যুশনারি ওয়ার্কার্স পার্টি)।

বাবরের জয়ে মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরী এলাকায় বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা গেছে। বিভিন্ন স্থানে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করতে দেখা গেছে দলীয় সমর্থকদের। স্থানীয় নেতাকর্মীরা এ বিজয়কে জনগণের প্রত্যাশার প্রতিফলন হিসেবে উল্লেখ করেছেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top