এনসিপির নেতাকর্মীদের জন্য ফ্রি কোর্স অফার মেঘনা আলমের

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১৫:২৭

সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা-৮ আসনের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর দলের নেতাকর্মীদের জন্য ফ্রি কোর্স অফারের ঘোষণা দিয়েছেন মেঘনা আলম।

রোববার (২২ ফেব্রুয়ারি) রাতে নিজের ফেসবুক পোস্টে এ তথ্য জানান তিনি। পোস্টে তিনি উল্লেখ করেন, এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ফোন করে শিগগিরই তার বাসায় আসার কথা জানিয়েছেন। নির্বাচনের আগে আসতে চাইলেও গণমাধ্যম ইতিবাচক বিষয়কে নেতিবাচকভাবে উপস্থাপন করতে পারে—এই আশঙ্কায় আসেননি বলেও জানান পাটওয়ারী।

ফেসবুক পোস্টে মেঘনা আলম বলেন, পাটওয়ারী তার কাছ থেকে শিখতে আগ্রহ প্রকাশ করেছেন। এর পরিপ্রেক্ষিতে তিনি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর ছোট ভাই-বোনদের জন্য একটি ফ্রি কোর্স অফার করেন। কোর্সের আয়োজনের বিষয়ে পাটওয়ারী আশ্বাস দিয়েছেন বলেও জানান তিনি।

মেঘনা আলম আরও লেখেন, যারা মাঠপর্যায়ে রাজনীতি ও গণজাগরণের মাধ্যমে সম্পৃক্ত হয়েছেন এবং যারা রাজনৈতিক পরিবেশে বেড়ে উঠে আন্তর্জাতিক প্রতিষ্ঠানে শিক্ষা নিয়েছেন—এই দুই অভিজ্ঞতার সমন্বয়ে একটি স্বাধীন ও সম্মানিত বাংলাদেশ গড়া সম্ভব।

তিনি বলেন, “আমার ছোট ভাই পাটওয়ারীর জন্য অনেক স্নেহ। যদি সে জিতলে জামায়াত ক্ষমতায় আসার সুযোগ না থাকত, তাহলে আমি বিএনপিকে সামনে এগোতে দিয়ে নিজের প্রচার ও পোলিং এজেন্ট সরিয়ে নিতাম না।” তিনি আরও উল্লেখ করেন, যে দল নারীর নেতৃত্বকে অবমূল্যায়ন করে, তাদের ক্ষমতায় দেখতে চান না। ভবিষ্যতে আদর্শগত পরিবর্তন হলে বিষয়টি ভিন্ন হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

পোস্টের শেষাংশে মেঘনা আলম বিভেদ ও শত্রুতার রাজনীতি পরিহারের আহ্বান জানান। তিনি দেশ পরিবর্তনের প্রত্যয়ে ঐক্য ও সম্প্রীতির রাজনীতি প্রতিষ্ঠার কামনা করেন এবং সবার জন্য দোয়া প্রার্থনা করেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top