সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২

মদকাণ্ডে মেহজাবীনকে ছাড়ানোর নেপথ্যে কারা? মুখ খুললেন তিশা

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১৭:৫৪

সংগৃহীত

হযরত শাহজালাল (রা.) আন্তর্জাতিক বিমানবন্দরে ১৪ বোতল বিদেশি মদসহ অভিনেত্রী মেহজাবীন চৌধুরী আটকে পড়ার খবরে নেটদুনিয়ায় তোলপাড় সৃষ্টি হয়েছে। এই ঘটনার সঙ্গে প্রভাব খাটানোর অভিযোগ উঠেছে অন্তর্বর্তী সরকারের সাবেক সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী এবং তার স্ত্রী অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা–এর নামে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক সূত্র সংবাদমাধ্যমকে জানিয়েছে, সম্প্রতি দেশের এক প্রযোজনা প্রতিষ্ঠানের আড্ডায় নুসরাত ইমরোজ তিশা স্বীকার করেন যে, মেহজাবীনের মদকাণ্ডের বিষয়টি সম্পূর্ণ সত্যি। সূত্র জানায়, বিমানবন্দরে আটকের পর মেহজাবীনের পক্ষ থেকে ফারুকী ও তিশার কাছে ফোন আসে এবং তারা প্রভাব খাটিয়ে কাস্টমসের জাল থেকে অভিনেত্রীকে মুক্ত করতে সাহায্য করেন।

প্রকাশিত প্রতিবেদনের অনুযায়ী, গত ১৭ আগস্ট ব্যাংকক থেকে বিএস-২১৮ ফ্লাইটে ঢাকায় ফেরেন মেহজাবীন, তাঁর স্বামী আদনান আল রাজীব এবং নির্মাতা শঙ্খ দাসগুপ্ত। গ্রিন চ্যানেল পার হওয়ার সময় কাস্টমসের তল্লাশিতে তাদের লাগেজ থেকে ১৪ বোতল মদ উদ্ধার করা হয়। অ্যালকোহল বহনের ক্ষেত্রে মামলা হওয়ার বিধান থাকলেও, কোনো মুচলেকা ছাড়াই তাদের সসম্মানে ছেড়ে দেওয়া হয়। সেই সময় জব্দ পণ্যের রসিদও তৈরি করা হয় এবং বিষয়টি কাস্টমস কর্তৃপক্ষ ধামাচাপা দেয়। প্রটোকল দিতে আসা এভিয়েশন সিকিউরিটির দুই কর্মকর্তাও জানান, মদের বিষয়ে তাদের কিছুই জানা ছিল না।

ঘটনার প্রকাশের পর, রোববার (২২ ফেব্রুয়ারি) মেহজাবীন ফেসবুক পোস্টে দাবি করেছেন যে, তাঁর ক্যারিয়ারের এই সময়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে ‘টার্গেট’ করা হচ্ছে। তিনি লেখেন, “আমি যখন নতুন করে কাজে মনোনিবেশ করেছি, ঠিক তখনই আবার আমার মানহানি করার চেষ্টা করা হচ্ছে। নারীরাই আজকাল সহজ টার্গেট হচ্ছে, এর পেছনে কে বা কারা আছে তা আমার জানা নেই।”

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top