শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১০ এপ্রিল ২০২৬, ১২:৫৮

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। শুক্রবার (১০ এপ্রিল) সকাল ১১টার দিকে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই কার্যক্রম শুরু হয়। এতে নেতৃত্ব দেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

এ সময় রুহুল কবির রিজভী বলেন, দেশের বিভিন্ন এলাকা থেকে মনোনয়ন প্রত্যাশীরা এসে উপস্থিত হয়েছেন। যারা গত ১৬ থেকে ১৭ বছর ধরে নিপীড়ন ও নির্যাতনের শিকার হয়েছেন, তাদের মধ্য থেকেই অনেকে মনোনয়ন প্রত্যাশা করছেন।

তিনি আরও বলেন, মনোনয়ন দেওয়ার বিষয়ে দলের সংসদীয় বোর্ড চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। বিগত আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা, শিক্ষাগত যোগ্যতা এবং সংসদে কথা বলার সক্ষমতা—এসব বিষয় বিবেচনায় রাখা হবে।

দলীয় শৃঙ্খলা মেনে চলার আহ্বান জানিয়ে তিনি বলেন, সংসদে প্রাণবন্ত আলোচনা চালু রাখতে হবে। এটাই গণতন্ত্রের মূল শক্তি।

দলীয় সূত্রে জানা গেছে, মনোনয়ন ফরমের মূল্য নির্ধারণ করা হয়েছে দুই হাজার টাকা। আগামী ১২ এপ্রিলের মধ্যে মনোনয়ন ফরম জমা দিতে হবে। জমা দেওয়ার সময় জামানত হিসেবে দিতে হবে পঞ্চাশ হাজার টাকা।

অন্যদিকে নির্বাচন কমিশন জানিয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ভোট অনুষ্ঠিত হবে আগামী ১২ মে। এ বিষয়ে তফসিল ঘোষণা করা হয় ৮ এপ্রিল রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে।

ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ২১ এপ্রিল। যাচাই-বাছাই হবে ২২ ও ২৩ এপ্রিল। আপিল করা যাবে ২৬ এপ্রিল পর্যন্ত এবং আপিল নিষ্পত্তি হবে ২৭ ও ২৮ এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৯ এপ্রিল এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৩০ এপ্রিল।

জাতীয় সংসদের মোট ৩৫০ আসনের মধ্যে নারীদের জন্য সংরক্ষিত আসন ৫০টি। এর মধ্যে বিএনপির জন্য বরাদ্দ ৩৬টি আসন, তাদের জোটের জন্য ১৩টি এবং স্বতন্ত্র প্রার্থীদের জন্য ১টি আসন নির্ধারিত রয়েছে।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top