মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২

জামায়াত কর্মী বিবি সাওদা গ্রেপ্তার: ‘নব্য ফ্যাসিবাদের বার্তা’- জামায়াত আমির

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৭ এপ্রিল ২০২৬, ০৯:০২

ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভোলা পৌরসভার নারী কর্মী বিবি সাওদাকে গ্রেপ্তারের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।

মঙ্গলবার (৭ এপ্রিল) ভোরে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি অভিযোগ করেন, জামায়াত কর্মী সাওদা সুমির সঙ্গে ‘নিকৃষ্ট আচরণ’ করা হয়েছে, যা ‘নব্য ফ্যাসিবাদের বার্তা’ বহন করে।

তিনি লিখেছেন, ‘জামায়াত কর্মী সাওদা সুমির সঙ্গে যে নিকৃষ্ট আচরণ করা হয়েছে, তা নব্য ফ্যাসিবাদের বার্তা দিচ্ছে।’ একই সঙ্গে তিনি আরও বলেন, ‘ফ্যাসিবাদীরা সকল যুগেই নিজেদের ব্যর্থতা আড়াল করতে প্রতিবাদী জনগণের কণ্ঠ নির্লজ্জ ও নিষ্ঠুরভাবে স্তব্ধ করতে চায়। শেষ পর্যন্ত তাদের কণ্ঠই স্তব্ধ হয়ে যায়।’

পোস্টের শেষাংশে জামায়াত আমির মন্তব্য করেন, ‘অতীত থেকে শিক্ষা নেওয়া হবে কি না জানি না—লজ্জা, লজ্জা!’

এর আগে গত রোববার (৫ এপ্রিল) রাতে নিজ বাসা থেকে বিবি সাওদাকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন তাকে আদালতে উপস্থাপন করে কারাগারে পাঠানোর আবেদন জানায় জেলা গোয়েন্দা পুলিশ।

জেলা গোয়েন্দা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন শাখার উপপরিদর্শক জুয়েল হোসেন খান আদালতে দাখিল করা প্রতিবেদনে উল্লেখ করেন, বিবি সাওদা তার ব্যবহৃত ফেসবুক আইডি থেকে সরকার ও রাষ্ট্রবিরোধী বিভিন্ন পোস্ট করেছেন।

প্রতিবেদনে বলা হয়, সাইবার প্যাট্রোলিংয়ের মাধ্যমে বিষয়টি শনাক্ত করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়। পরবর্তীতে তাদের নির্দেশে তাকে গ্রেপ্তার করা হয় এবং তার ব্যবহৃত ‘রেডমি নোট ৯’ মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

এতে আরও উল্লেখ করা হয়, প্রযুক্তিগত সমস্যার কারণে ফোনটির তাৎক্ষণিক বিস্তারিত বিশ্লেষণ সম্ভব হয়নি। তবে ফেসবুক পোস্ট ও ডিভাইস পর্যালোচনা শেষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ জানায়, সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধে জড়িত থাকার সন্দেহে তাকে হেফাজতে নেওয়া হয়েছে এবং আইন অনুযায়ী ২৪ ঘণ্টার মধ্যে আদালতে সোপর্দ করা হয়েছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top