আমরা জুলাই সনদের প্রত্যেকটা দফাকেই সম্মান করি: পার্থ
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১২ এপ্রিল ২০২৬, ২১:৪৭
বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, জুলাই সনদকে ঘিরে বিরোধী দলের বক্তব্য সরকার ও বিরোধী দলকে মুখোমুখি অবস্থানে নিয়ে যাচ্ছে। তবে তার দল জুলাই সনদের প্রতিটি দফাকেই সম্মান করে।
রোববার সন্ধ্যায় ভোলা শহরের উকিল পাড়ায় শান্ত নীড় প্রাঙ্গণে তার বাবা সাবেক স্থানীয় সরকারমন্ত্রী ও ঢাকা সিটি কর্পোরেশনের প্রথম মেয়র মরহুম নাজিউর রহমান মঞ্জুর ১৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ব্যারিস্টার পার্থ বলেন, তিনি আগেও জানিয়েছেন জুলাই সনদ ও সংবিধান উভয়ের প্রতিই তাদের পূর্ণ শ্রদ্ধা রয়েছে। কিন্তু বিরোধী দল অপ্রয়োজনীয়ভাবে এমন ধারণা তৈরি করছে যে তারা এটি মানে না বা এটি প্রতারণা। তিনি মনে করেন, ‘প্রতারণা’ শব্দটি অত্যন্ত শক্ত এবং এ ধরনের ভাষা ব্যবহার থেকে বিরোধী দলের সরে আসা উচিত।
এর আগে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ।
মিলাদ ও দোয়া মাহফিলে ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান, পুলিশ সুপার শহিদুল্লাহ কাওছার, সিভিল সার্জন ডা. মনিরুল ইসলাম, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান, সদর মডেল থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ মনিরুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এছাড়াও মরহুম নাজিউর রহমান মঞ্জুর পরিবারের সদস্যদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা অনুষ্ঠানে অংশ নেন। শেষে মরহুমের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।