সংসদে গাড়ি সুবিধা নিয়ে দেওয়া বক্তব্য ঘিরে গণমাধ্যমে বিভ্রান্তি ছড়ানো হয়েছে বলে অভিযোগ করেছেন এনসিপির সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।
বুধবার সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি বিষয়টি পরিষ্কার করেন। এ সময় ট্যাক্স ফ্রি গাড়ি ও সরকারি প্লট না নেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে তিনি বলেন, সংসদ সদস্যদের জন্য শুল্কমুক্ত গাড়ি নেওয়ার পক্ষে তিনি কথা বলেননি।
হাসনাত আবদুল্লাহ বলেন, জেলা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান, পৌর মেয়র, জেলা প্রশাসক (ডিসি), ইউএনও ও এসিল্যান্ডসহ অন্যান্য সরকারি কর্মকর্তাদের মতো সরকারি মালিকানাধীন গাড়ি ব্যবহারের বিষয়টি তিনি তুলে ধরেছিলেন।
তিনি আরও বলেন, “সরকারি একটি গাড়ি, যতদিন এমপি থাকব, ততদিন ব্যবহার করব। এতে আলাদা কোনো অতিরিক্ত খরচের প্রয়োজন হবে না।”
অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে হাসনাত বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ গঠনের পর সরকারি ও বিরোধী দল উভয়ই ট্যাক্স ফ্রি গাড়ি ও প্লট সুবিধা গ্রহণ না করার অঙ্গীকার করেছে। তিনি ওই সিদ্ধান্তের প্রতি সমর্থন জানিয়েই বক্তব্য দিয়েছিলেন বলে দাবি করেন।
তার বক্তব্যের ভুল ব্যাখ্যা দিয়ে কিছু গণমাধ্যম বিভ্রান্তি ছড়িয়েছে বলেও অভিযোগ করেন এই সংসদ সদস্য।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।