লেভারকুসেনকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে বায়ার্ন মিউনিখ

আন্তজাতিক ডেস্ক | প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২৬, ০৯:৪১

ছবি: সংগৃহীত

জার্মান কাপের সেমিফাইনালে বায়ার লেভারকুসেনকে ২-০ ব্যবধানে হারিয়ে ফাইনালে উঠেছে জার্মান জায়ান্ট ক্লাব বায়ার্ন মিউনিখ। দলের হয়ে একটি করে গোল করেন হ্যারি কেন ও লুইস দিয়াজ।

ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষের রক্ষণে চাপ সৃষ্টি করে বায়ার্ন। তবে লেভারকুসেনের গোলরক্ষক মার্ক ফ্লেকেন একের পর এক আক্রমণ ঠেকিয়ে দলকে ম্যাচে ধরে রাখেন। তবুও ধারাবাহিক আক্রমণের মুখে শেষ পর্যন্ত রক্ষা হয়নি স্বাগতিকদের।

২২তম মিনিটে ম্যাচে এগিয়ে যায় বায়ার্ন। লুইস দিয়াজের সঙ্গে দ্রুত ওয়ান-টু পাস খেলে ডি-বক্সে বল পান হ্যারি কেন। নিখুঁত শটে বল জালে জড়িয়ে দেন ইংল্যান্ড অধিনায়ক।

পুরো ম্যাচে ফ্লেকেন মোট আটটি নিশ্চিত গোল সেভ করেন, যার মধ্যে ছয়টি ছিল বায়ার্নের ডি-বক্সের ভেতর থেকে নেওয়া শক্তিশালী শট। অন্যদিকে লেভারকুসেনও সুযোগ তৈরি করেছিল। দ্বিতীয়ার্ধে নাথান টেলারের একটি জোরালো শট অবিশ্বাস্যভাবে রুখে দেন ম্যানুয়েল নয়্যার, যা ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্ত হয়ে ওঠে।

নির্ধারিত সময়ের শেষ দিকে এবং যোগ করা সময়ে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে বায়ার্ন। ম্যাচের অতিরিক্ত সময়ে কিম মিন-জের দারুণ থ্রু পাস থেকে লিয়ন গোরেৎসকা বল পান। তিনি শট না নিয়ে বল বাড়িয়ে দেন লুইস দিয়াজের দিকে। ঠান্ডা মাথায় গোল করে ব্যবধান ২-০ করেন এই কলম্বিয়ান ফরোয়ার্ড।

এই জয়ে জার্মান কাপের ফাইনাল নিশ্চিত করল বায়ার্ন মিউনিখ। দ্বিতীয় সেমিফাইনালে স্টুটগার্ট ও ফ্রাইবুর্গের জয়ী দলের বিপক্ষে শিরোপার লড়াইয়ে মাঠে নামবে তারা।

২০১৯–২০ মৌসুমের পর আবারও জার্মান কাপের ফাইনালে উঠল বাভারিয়ান জায়ান্টরা।

 
 


বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top