‘৭২-এর সংবিধান নয়, জুলাই বিপ্লব আপনাকে ক্ষমতায় বসিয়েছে’
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২৬, ১৬:১৮
১৯৭২ সালের সংবিধান নয়, বরং ২০২৪ সালের রক্তাক্ত জুলাই বিপ্লবই বর্তমান সরকারকে ক্ষমতায় বসিয়েছে বলে মন্তব্য করেছেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। তিনি বলেন, জুলাইয়ের শহীদদের আত্মত্যাগের কারণেই বর্তমান প্রধানমন্ত্রী দায়িত্বে রয়েছেন, সংবিধানের কারণে নয়।
শনিবার (২৫ এপ্রিল) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর উদ্যোগে জুলাইয়ের শহীদ ও আহতদের পরিবারকে নিয়ে আয়োজিত সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে তিনি এ কথা বলেন।
ব্যারিস্টার ফুয়াদ বলেন, ২০২৪ সালের জুলাইয়ে প্রায় ১৪০০ শহীদ এবং হাজারো আহত মানুষের আত্মত্যাগের বিনিময়ে বর্তমান সরকার ক্ষমতায় এসেছে। এই আত্মত্যাগের ঋণ অস্বীকার করার কোনো সুযোগ নেই।
তিনি আরও বলেন, যদি বারবার ১৯৭২ সালের সংবিধানের দোহাই দেওয়া হয়, তাহলে রাষ্ট্রপতির বক্তব্য অনুযায়ী—যেহেতু তিনি পলাতক প্রধানমন্ত্রীর কোনো পদত্যাগপত্র পাননি, তবে কি আগের প্রধানমন্ত্রীই এখনো বহাল রয়েছেন—এই প্রশ্নও সামনে আসে। তিনি উল্লেখ করেন, বাহাত্তরের সংবিধান অনুযায়ী শেখ মুজিব এখনো জাতির জনক ও স্বাধীনতার ঘোষক হিসেবে স্বীকৃত।
বর্তমান সরকারের বৈধতা মূলত ২০২৪ সালের গণ-অভ্যুত্থান থেকেই এসেছে বলে দাবি করে তিনি বলেন, সংবিধান নয়, জনগণের আন্দোলনই এই সরকারের ভিত্তি।
জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘জুলাই সনদ’-এর প্রতিটি দিক দ্রুত বাস্তবায়ন করতে হবে। জনগণের রায় উপেক্ষা করলে তার পরিণতি শুভ হয় না বলেও সতর্ক করেন তিনি।
সমাবেশে আরও বক্তব্য দেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক এবং লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।