ঢাকা দক্ষিণে মেয়র পদে লড়ার ঘোষণা নীলা ইস্রাফিলের
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৬ মে ২০২৬, ০৯:৪০
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির সাবেক নেত্রী নীলা ইস্রাফিল।
মঙ্গলবার রাত ৯টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অ্যাকাউন্টে ছবি সংবলিত পোস্টার প্রকাশ করে এ ঘোষণা দেন তিনি।
পোস্টে নীলা ইস্রাফিল লিখেছেন, সবার ভালোবাসা ও অনুপ্রেরণায় তিনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। একটি পরিচ্ছন্ন, নিরাপদ ও বাসযোগ্য ঢাকা গড়ে তোলা নাগরিকদের অধিকার বলেও উল্লেখ করেন তিনি। এ জন্য সবার দোয়া ও সমর্থন কামনা করেন।
পরবর্তীতে আরও দুটি পোস্টে বিভিন্ন রাজনৈতিক মন্তব্য করেন তিনি। এক পোস্টে ভোটারদের উদ্দেশে প্রশ্ন রেখে বলেন, তারা কাকে ভোট দিতে চান রাজাকারদের সন্তানদের, নাকি মুক্তিযুদ্ধের চেতনা ধারণকারীদের।
অন্য এক পোস্টে তিনি জানান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনকে একটি শৃঙ্খলাবদ্ধ, স্বচ্ছ ও উন্নত নগর হিসেবে গড়ে তুলতে চান। পাশাপাশি নগরীকে রাজাকারমুক্ত রাখার অঙ্গীকারও ব্যক্ত করেন।
নীলা ইস্রাফিল সাবেক অন্তর্বর্তী সরকারের প্রয়াত উপদেষ্টা হাসান আরিফের ছেলে মুয়াজ আরিফের সাবেক স্ত্রী।
জুলাইয়ের গণ-আন্দোলনে রাজপথে সক্রিয় ভূমিকা রাখতে দেখা গেছে তাকে। ৫ আগস্ট শেখ হাসিনার দেশত্যাগের পর আন্দোলনে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের গড়া রাজনৈতিক দলে যোগ দেন তিনি। এরপর বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডেও সক্রিয় ছিলেন।
এর আগে সাবেক শ্বশুর ও নিজ দলের এক নেতার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য করে আলোচনায় আসেন নীলা। পরে গত বছরের ২৮ জুলাই তিনি দল থেকে পদত্যাগ করেন।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।