বৃহঃস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩

সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন ডা. তাহের

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২৬, ১৯:৫২

ছবি: সংগৃহীত

জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের সংসদ সদস্য ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের জাতীয় সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ হিসেবে দাবি করেছেন।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ দাবি করেন।

আলোচনায় তাহের বলেন, বর্তমানে রাজাকার ও আলবদর প্রসঙ্গ তোলা হচ্ছে, তবে বিষয়টি এখন আর প্রাসঙ্গিক নয়। তিনি বলেন, সংসদে উপস্থিত কেউই রাজাকার বা আলবদর ছিলেন না।

তিনি দাবি করেন, জামায়াতে ইসলামীর নেতৃত্বে থাকা ব্যক্তিরা দেশের নেতৃত্বের অংশ এবং মুক্তিযোদ্ধাদের প্রসঙ্গ তুললে তাকেও সেই পরিচয়ের মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে। এ সময় তিনি নিজেকে একজন ‘শিশু মুক্তিযোদ্ধা’ হিসেবে উল্লেখ করেন।

নিজের বক্তব্যে তাহের বলেন, তার বাড়ি সীমান্তবর্তী এলাকায় হওয়ায় মুক্তিযুদ্ধের সময় ভারতে যাওয়ার পথে অনেক মানুষ তাদের বাড়িতে আশ্রয় নিতেন। তিনি জানান, তখন তারা আশ্রয় নেওয়া ব্যক্তিদের খাবার দিতেন এবং সেনাবাহিনীর টহল রয়েছে কি না, তা খেয়াল রাখতেন।

তিনি আরও বলেন, পরিস্থিতি অনুকূলে থাকলে তারা সীমান্ত পার হতে যাওয়া মানুষদের পথনির্দেশনাও দিতেন, যাতে তারা নিরাপদে ভারতে যেতে পারেন। এই প্রেক্ষাপটে নিজেকে শিশু মুক্তিযোদ্ধা হিসেবে দাবি করার যৌক্তিকতা রয়েছে বলে মন্তব্য করেন তিনি।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top