মে দিবসে নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ, থাকবেন প্রধানমন্ত্রী
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২৬, ২১:০৮
আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে শ্রমিক সমাবেশের আয়োজন করেছে বিএনপি। শুক্রবার দুপুর দুইটায় এ সমাবেশ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন দলটির নেতারা।
বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি জানান, মহান মে দিবসকে সামনে রেখে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার দাবিতে এই সমাবেশ আয়োজন করা হচ্ছে।
নজরুল ইসলাম খান বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখবেন। রাজধানীতে দায়িত্ব গ্রহণের পর এটিই হবে তার প্রথম জনসভা।
তিনি আরও জানান, সমাবেশকে ঘিরে শ্রমিক দলের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। ব্যানার-ফেস্টুনসহ সার্বিক আয়োজন ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে।
নেতারা আশা প্রকাশ করেন, দেশের শ্রমজীবী মানুষ স্বতঃস্ফূর্তভাবে সমাবেশে অংশ নেবেন এবং তাদের দাবি-দাওয়া তুলে ধরবেন। সমাবেশে বর্তমান শ্রম পরিস্থিতি ও জাতীয় রাজনীতির বিভিন্ন বিষয় নিয়েও গুরুত্বপূর্ণ বক্তব্য তুলে ধরা হবে।
সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের শীর্ষ নেতারা এবং বিভিন্ন শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা বক্তব্য রাখবেন।
সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, শ্রমিক দলের প্রধান সমন্বয়ক শামসুর রহমান শিমুল বিশ্বাস, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী শফুসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।