টানা তিন দিনের ছুটি পাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান
ক্যাম্পাস ডেস্ক | প্রকাশিত: ১ এপ্রিল ২০২৬, ১৫:২৭
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা তিন দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা। খ্রিস্টান ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে উপলক্ষে আগামী রোববার (৫ এপ্রিল) শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।
সাপ্তাহিক ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, এর আগে শুক্রবার (৩ এপ্রিল) ও শনিবার (৪ এপ্রিল) সাপ্তাহিক বন্ধ থাকায় মোট তিন দিনের ছুটি মিলছে। ফলে টানা এই ছুটিতে যাচ্ছে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান।
এদিকে বৈশ্বিক জ্বালানি সংকটের প্রভাব মোকাবিলায় মহানগর এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে (বিশ্ববিদ্যালয় ছাড়া) আবারও অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা করছে সরকার। তবে এবার পুরোপুরি অনলাইনের পরিবর্তে অনলাইন ও সশরীরে পাঠদানের সমন্বয়ে ‘ব্লেন্ডেড’ বা মিশ্র শিক্ষা পদ্ধতি চালুর দিকে জোর দেওয়া হচ্ছে।
শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, শিক্ষা বোর্ডের কর্মকর্তা ও মন্ত্রণালয়ের সংশ্লিষ্টরা অংশ নেন। সভায় সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
মিশ্র শিক্ষা পদ্ধতিতে শিক্ষার্থীরা আংশিক সময় শ্রেণিকক্ষে উপস্থিত থাকবে এবং বাকি সময় অনলাইনের মাধ্যমে পাঠ গ্রহণ করবে। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, সপ্তাহে তিন দিন অনলাইন ও তিন দিন সশরীরে ক্লাস নেওয়ার বিষয়টি বিবেচনায় রয়েছে। পাশাপাশি জোড়-বিজোড় দিনের ভিত্তিতে ক্লাস ভাগ করার প্রস্তাবও এসেছে।
পরিকল্পনা অনুযায়ী, শিক্ষকরা শিক্ষাপ্রতিষ্ঠানে উপস্থিত থেকেই অনলাইন ক্লাস নেবেন এবং ব্যবহারিক ক্লাসগুলো সশরীরে পরিচালিত হবে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।