ঢাকা বিশ্ববিদ্যালয়ে উদ্ভূত পরিস্থিতি: দুই তদন্ত কমিটি গঠন
প্রিয় ক্যাম্পাস ডেস্ক | প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২৬, ১১:৩২
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হলের এক শিক্ষার্থীর ফেসবুক পোস্টকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতিতে ক্যাম্পাসে উত্তেজনা ও সতর্ক অবস্থান বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণ ও ঘটনার সত্যতা উদঘাটনে বিশ্ববিদ্যালয় প্রশাসন পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করেছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) গভীর রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সলিমুল্লাহ মুসলিম হল সংক্রান্ত ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন হলের আবাসিক শিক্ষক অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন, সদস্য সচিব হিসেবে রয়েছেন আবাসিক শিক্ষক জাওয়াদ ইবনে ফরিদ। কমিটির অন্য সদস্য হলেন সহকারী প্রক্টর ও তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ ড. মোসাদ্দেক খান।
এ কমিটিকে অভিযুক্ত শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার পাশাপাশি ২৪ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। একই সঙ্গে ৪৮ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে শাহবাগ থানায় শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগের পৃথক ঘটনার তদন্তে আরও একটি ছয় সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির আহ্বায়ক করা হয়েছে সহকারী প্রক্টর অধ্যাপক মাহবুব কায়সারকে। কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
ক্যাম্পাসের সার্বিক শৃঙ্খলা রক্ষায় বৃহস্পতিবার রাতে প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে হলের সৌন্দর্য ও পরিবেশ রক্ষায় দেয়াল লিখন ও গ্রাফিতি অঙ্কন থেকে শিক্ষার্থীদের বিরত থাকার আহ্বান জানানো হয়।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, বিষয়টি যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে নিষ্পত্তি করা হবে। পাশাপাশি কোনো ধরনের উত্তেজনা বা বিশৃঙ্খলা সৃষ্টি না করে সবাইকে শান্ত ও সংযত থাকার আহ্বান জানানো হয়েছে। শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে পারস্পরিক শ্রদ্ধা ও সহনশীলতার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।