ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন শাহবাগ থানার এলাকায় ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার সময় সাংবাদিক আহত হওয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।
শুক্রবার সকালে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমের এক বার্তায় তিনি এ দুঃখ প্রকাশ করেন।
বার্তায় তিনি উল্লেখ করেন, একটি বিতর্কিত সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টকে কেন্দ্র করে প্রকাশ্য ও গোপন সংগঠনের নেতাকর্মীদের মধ্যে সৃষ্ট উত্তেজনা এবং ছাত্রদলের কিছু বিক্ষুব্ধ কর্মীর মধ্যে সংঘর্ষমুখর পরিস্থিতি তৈরি হয়। এ সময় সংবাদ সংগ্রহ করতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কয়েকজন সদস্য আহত হন বলে জানা গেছে।
ছাত্রদলের পক্ষ থেকে আন্তরিক দুঃখ প্রকাশ করে নাছির উদ্দীন নাছির বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় সাংবাদিকদের নিরাপত্তা ও গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী। গণতান্ত্রিক আন্দোলনে সাংবাদিক সমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি আরও আশা প্রকাশ করেন, ভবিষ্যতে কোনো সাংবাদিক যেন পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে কোনো ধরনের হয়রানি বা ক্ষতির শিকার না হন।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।