শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩

শ্বশুরবাড়িতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, পরিবার বলছে পরিকল্পিত হত্যাকাণ্ড

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২৬, ১২:২৬

ছবি: সংগৃহীত

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার কয়কীর্তন এলাকায় সমাপ্তি (২০) নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। নিহতের পরিবার এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করেছে।

নিহত সমাপ্তি ঢাকার দোহার উপজেলার মালিকান্দা গ্রামের পুকুরপাড় এলাকার মেহের আলীর মেয়ে।

পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের পর প্রায় ছয় মাস আগে পরিবারের অমতে শ্রীনগরের কয়কীর্তন এলাকার শাহিন হোসেনের ছেলে সোহানের সঙ্গে সমাপ্তির বিয়ে হয়। বিয়ের পর দুই পরিবারের সম্পর্ক পুরোপুরি স্বাভাবিক না থাকলেও ফোনে যোগাযোগ চলছিল। তবে কিছুদিন পর স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন সমাপ্তির মোবাইল ফোন কেড়ে নেয় এবং সিম কার্ড ভেঙে ফেলে বলে অভিযোগ পাওয়া গেছে। এরপর থেকেই পরিবারের সঙ্গে তার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

নিহতের চাচা হাসেন বেপারী জানান, বুধবার বিকেল আনুমানিক ৩টার দিকে ঘটনাটি ঘটে। পরে সন্ধ্যা ৬টার দিকে সোহান ও তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়, সমাপ্তি স্ট্রোক করে মারা গেছেন।

তবে নিহতের স্বজনদের দাবি, তাকে হত্যা করে ঘটনাটিকে আত্মহত্যা বা স্বাভাবিক মৃত্যু হিসেবে উপস্থাপনের চেষ্টা করা হয়েছে।

এ ঘটনায় নিহতের পরিবার শ্রীনগর থানায় অভিযোগ দিতে গেলে অভিযোগ গ্রহণ করা হয়নি বলেও তারা অভিযোগ করেন।

এ বিষয়ে নিহতের শ্বশুর শাহিন হোসেন বলেন, তাদের ছেলের সঙ্গে প্রেমের সম্পর্কের মাধ্যমে ছয় মাস আগে বিয়ে হয়। কী কারণে গৃহবধূ মারা গেছে তা তারা জানেন না বলে দাবি করেন।

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, দরজা ভেঙে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা করা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদনে হত্যার আলামত পাওয়া গেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top