গণভোটকে অবিলম্বে সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে: ফখরুদ্দীন মানিক
ফেনী প্রতিনিধি | প্রকাশিত: ২২ মার্চ ২০২৬, ১৭:২১
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ডা. ফখরুদ্দীন মানিক বলেছেন, ‘গণভোটকে অবিলম্বে সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে। এ নিয়ে কোনো ধরনের টালবাহানা মেনে নেয়া হবে না। জাতীয় নির্বাচন যদি জায়েজ হয়, তবে গণভোট কেন নাজায়েজ হবে- আমাদের আমিরে জামায়াত ডা. শফিকুর রহমান সেই প্রশ্ন তুলেছেন। শত শহীদের রক্তের বিনিময়ে অর্জিত ২০২৪-এর ছাত্র-জনতার বিপ্লবের আকাঙ্ক্ষা কোনোভাবেই ভূলুণ্ঠিত হতে দেয়া হবে না।’
তিনি রোববার (২২ মার্চ) সকালে ফেনীর সোনাগাজী পৌরসভা অডিটোরিয়ামে জামায়াতে ইসলামী আয়োজিত এক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. ফখরুদ্দীন মানিক নির্বাচন ব্যবস্থার সমালোচনা করে অভিযোগ করেন, ‘বিগত জাতীয় নির্বাচনে ভোট প্রদান প্রক্রিয়া সুস্থ মনে হলেও ভোট গণনা সঠিক হয়নি। কারচুপির মাধ্যমে ভোটের ফলাফল পরিবর্তন করা হয়েছে। আমরা অতীতে যেভাবে জনগণের পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকব। কোনো ধরনের ভয়ভীতি দেখিয়ে আমাদের আমাদের লক্ষ্য থেকে বিচ্যুত করা যাবে না।’
সোনাগাজী উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মো. মোস্তফার সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি মাস্টার বদরুদ্দোজার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাগাজী-দাগনভূঞা উন্নয়ন পরিষদের চেয়ারম্যান ডা. ফখরুদ্দীন মানিক এবং জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ফেনী জেলা আমির মুফতি আব্দুল হান্নান।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফতে মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এ বি এম মুসা,ফেনী জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা মাহমুদুল হক ও জেলা সেক্রেটারি মাওলানা আব্দুর রহিম, সোনাগাজী পৌর জামায়াতের আমির মাওলানা কালিমুল্লাহ, ইসলামী ছাত্রশিবিরের ফেনী জেলা সভাপতি ইমাম হোসেন আরমান ও সেক্রেটারি আশরাফুল ইসলাম সোহেল, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি মাস্টার আবু বকর ছিদ্দিক মানিক, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উপজেলা সমন্বয়ক আব্দুল্লাহ আল মামুন, সোনাগাজী ইসলামিয়া কামিল মাদরাসার আরবি প্রভাষক মাওলানা আবুল কাশেম, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ শিবিরের সাবেক সভাপতি ডা. শরিফ উদ্দিন ভূঁইয়া, বীর মুক্তিযোদ্ধার সন্তান ও জামায়াত নেতা ওমর ফারুকসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।