রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২

সুদানে হাসপাতালে হামলা, ১৩ শিশুসহ নিহত ৬৪

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২২ মার্চ ২০২৬, ১৩:৫০

ছবি: সংগৃহীত

সুদানের দারফুর অঞ্চলের একটি হাসপাতালে হামলায় অন্তত ৬৪ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ১৩ শিশুও রয়েছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম গেব্রিয়েসুস এই তথ্য নিশ্চিত করেছেন।

শনিবার এক সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি জানান, শুক্রবার রাতেই পূর্ব দারফুরের রাজধানী আল ডেইনের ‘আল ডেইন টিচিং হাসপাতাল’-এ এই হামলা চালানো হয়। নিহতদের মধ্যে রয়েছে কয়েকজন রোগী, দুই নারী নার্স এবং এক পুরুষ চিকিৎসক।

হামলায় আটজন স্বাস্থ্যকর্মীসহ আরও ৮৯ জন আহত হয়েছেন। হাসপাতালের শিশু বিভাগ, প্রসূতি বিভাগ এবং জরুরি বিভাগ ক্ষতিগ্রস্ত হওয়ায় এটি অকেজো হয়ে পড়েছে এবং শহরে জরুরি চিকিৎসা সেবা বন্ধ হয়ে গেছে।

টেড্রোস জানান, সুদানের চলমান যুদ্ধে স্বাস্থ্যকেন্দ্রে হামলার ফলে মোট নিহতের সংখ্যা এখন দুই হাজার ছাড়িয়েছে। এছাড়া, তিন বছর ধরে চলা সেনা ও আধাসামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেসের সংঘর্ষে স্বাস্থ্যকেন্দ্রে ২১৩টি হামলায় দুই হাজার ৩৬ জন নিহত হওয়ার বিষয়টি বিশ্ব স্বাস্থ্য সংস্থা নিশ্চিত করেছে।

তবে এই হামলার পেছনে কারা ছিলেন, তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।

২০২৩ সালের মাঝামাঝি থেকে সেনাবাহিনী ও র‍্যাপিড সাপোর্ট ফোর্সেসের মধ্যে সংঘর্ষ শুরু হওয়ার পর দেশজুড়ে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। এতে হাজার হাজার মানুষ নিহত এবং এক কোটি ২০ লাখের বেশি মানুষ ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন। উভয় পক্ষের বিরুদ্ধেই যুদ্ধাপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগ রয়েছে। দারফুরে র‍্যাপিড সাপোর্ট ফোর্সের বিরুদ্ধে এমন নৃশংসতার অভিযোগকে জাতিসংঘ বিশেষজ্ঞরা ‘গণহত্যার আলামত’ হিসেবে উল্লেখ করেছেন।

টেড্রোস বলেন, যথেষ্ট রক্তক্ষয় হয়েছে। বহু মানুষ ভোগান্তি পোহাচ্ছে। এখন সময় সুদানের এই সংঘাত কমিয়ে আনা এবং বেসামরিক নাগরিক, স্বাস্থ্যকর্মী ও মানবিক সহায়তা কর্মীদের সুরক্ষা নিশ্চিত করার। সূত্র: আলজাজিরা

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top