শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২

রাঙামাটিতে ফিলিং স্টেশনে সেনাবাহিনী মোতায়েন

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৮ মার্চ ২০২৬, ১৫:০৯

সংগৃহীত

রাঙামাটি শহরে জ্বালানি সংকট তীব্র আকার ধারণ করেছে। জেলার চারটি ফিলিং স্টেশনের মধ্যে দুই দিন বন্ধ থাকার পর বর্তমানে মাত্র একটি স্টেশন কার্যক্রম চালাচ্ছে। শনিবার (২৮ মার্চ) সকালে মেসার্স মহসিন ফিলিং স্টেশনের সামনে প্রায় এক কিলোমিটার দীর্ঘ লাইনে তেল নিতে ভিড় দেখা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ দল সরবরাহ তদারকিতে কার্যক্রম চালাচ্ছে।

জেলা শহরে সীমিত পরিমাণে তেল পাওয়া গেলেও উপজেলার খুচরা বিক্রয়কেন্দ্রগুলোতে সরবরাহ প্রায় বন্ধ। এর ফলে কৃষিকাজে, বিশেষ করে বোরো ধানের সেচে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। তেলের অভাবে কিছু এলাকায় পানীয় জলের সরবরাহও বাধাগ্রস্ত হচ্ছে।

লাইনে দীর্ঘ সময় দাঁড়িয়েও অনেকেই প্রয়োজনীয় তেল না পেয়ে হতাশ। ঢাকার পর্যটক মো. তামিম হোসেন বলেন, “গতকাল থেকে বিভিন্ন পাম্প ঘুরেও তেল পাইনি। আজ একটি পাম্পে পেলেও মাত্র ৫০০ টাকার বেশি দিতে পারছি না। এত অল্প তেল নিয়ে ঢাকায় ফেরা কঠিন।”

স্থানীয় বাসিন্দা সীমা চাকমা জানালেন, বিদ্যুৎ না থাকায় জেনারেটরের মাধ্যমে পানি তোলা হয়। “গতকাল তেলের অভাবে পানি তুলতে পারিনি। ভোর থেকে লাইনে দাঁড়িয়ে মাত্র ৫০০ টাকার তেল পেয়েছি,” তিনি বলেন।

মেসার্স মহসিন ফিলিং স্টেশনের ব্যবস্থাপক মো. আব্দুল বাতেন জানান, ডিপো থেকে নির্ধারিত কোটার বেশি জ্বালানি পাওয়া যাচ্ছে না। পূর্বে ৪ হাজার লিটার অকটেন চার দিনে বিক্রি হতো, এখন তা মাত্র তিন থেকে চার ঘণ্টায় শেষ হয়ে যাচ্ছে।

রাঙামাটি জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিশাত শারমিন বলেন, প্রতিটি পাম্পে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। ভ্রাম্যমাণ দল অভিযোগ পাওয়া এলাকায় অভিযান চালাচ্ছে এবং কেউ যাতে জ্বালানি মজুত করতে না পারে তা নিশ্চিত করা হচ্ছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top