নকল করে পরীক্ষা আর চলবে না: শিক্ষামন্ত্রী
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৮ মার্চ ২০২৬, ১৬:৪১
কুমিল্লায় আয়োজিত এক মতবিনিময় সভায় শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, দেশে পাবলিক পরীক্ষায় নকলের সুযোগ আর থাকবে না। তিনি অভিযোগ করে বলেন, অতীতে শিক্ষকদের হাত ধরেই নকলের প্রচলন শুরু হয়েছিল, আর শিক্ষকরাই তা বন্ধ করেছিলেন। তবে পূর্ববর্তী সরকারের সময় আবারও নকল ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এখন থেকে এ ধরনের অনিয়ম কোনোভাবেই সহ্য করা হবে না।
শুক্রবার বিকেলে কুমিল্লা শিক্ষা বোর্ডের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় শিক্ষা বোর্ডের কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, একজন পুলিশ যেমন আইনশৃঙ্খলা রক্ষা করেন এবং জেলা প্রশাসক জেলার সার্বিক বিষয় দেখভাল করেন, তেমনি আগামীর বাংলাদেশ গড়ে তোলার দায়িত্ব শিক্ষকদের ওপরই বর্তায়। তিনি শিক্ষকদের উদ্দেশে বলেন, একজন শিক্ষার্থীকে সঠিকভাবে মানুষ হিসেবে গড়ে তুলতে পারলে সেটি হবে বড় ধরনের সওয়াবের কাজ।
তিনি আরও বলেন, সরকারপ্রধান তারেক রহমান তার ওপর আস্থা রেখে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন এবং তিনি এটিকে ইবাদতের স্থান হিসেবে মনে করেন। একইভাবে শিক্ষকদেরও তাদের দায়িত্বকে ইবাদত হিসেবে নেওয়ার আহ্বান জানান তিনি।
নকল বন্ধ প্রসঙ্গে মন্ত্রী বলেন, অতীতে পরীক্ষার হলে শিক্ষকদের দ্বৈত ভূমিকার অভিযোগ ছিল। কেউ কেউ শিক্ষার্থীদের খাতায় উত্তর লিখে দিতেন বা নকল সরবরাহ করতেন। এসব অনিয়ম এখন সম্পূর্ণ বন্ধ করা হবে এবং ভবিষ্যতের পরীক্ষা হবে শতভাগ নকলমুক্ত।
তিনি জানান, আসন্ন মাধ্যমিক পরীক্ষা সামনে রেখে প্রতিটি কেন্দ্রে নজরদারি বাড়ানো হবে। সব পরীক্ষাকেন্দ্রকে নজরদারি যন্ত্রের আওতায় আনার পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতেও সার্বক্ষণিক পর্যবেক্ষণের ব্যবস্থা চালুর নির্দেশ দেন তিনি।
সভায় কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক শামসুল ইসলামসহ শিক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।