ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় বিয়ের যাত্রীবাহী একটি মাইক্রোবাস ও ইলিশ পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৫ জন আহত হয়েছেন। দুর্ঘটনার পর উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে, যা একপর্যায়ে হাতাহাতি ও ধাওয়া-পাল্টা ধাওয়ায় রূপ নেয়।
রোববার (২৯ মার্চ) রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার চুমুরদী ইউনিয়নের বেসুমপুরদী এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদারীপুরে একটি বিয়ের অনুষ্ঠান শেষে যাত্রীবাহী মাইক্রোবাসটি ভাঙ্গার দিকে ফিরছিল। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা ইলিশ পরিবহনের একটি বাসের সঙ্গে এর সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসের কয়েকজন যাত্রী আহত হন।
দুর্ঘটনার পর দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়ে তা দ্রুত হাতাহাতিতে রূপ নেয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এগিয়ে আসা স্থানীয় কয়েকজনও হামলার শিকার হন।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন জানান, আহতদের মধ্যে কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। গুরুতর আহত দুইজনকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তিনি আরও জানান, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।