বুধবার, ৮ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২

মসজিদের মাইকে বউ তালাক দেয়া আ.লীগ নেতার বিরুদ্ধে শাড়ি চুরির অভিযোগ

সারাদেশ ডেস্ক | প্রকাশিত: ৮ এপ্রিল ২০২৬, ১৮:১৮

ছবি: সংগৃহীত

জামালপুরের মেলান্দহ উপজেলায় আওয়ামী লীগের এক নেতার বিরুদ্ধে শাড়ি চুরির অভিযোগ উঠেছে। অভিযুক্ত মো. জাকির হোসেন জেকে চরবানিপাকুরিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ৩০ মার্চ ভোররাতে ভাংগুনী ডাংগা গ্রামের আব্দুল কুদ্দুসের বাড়িতে চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় ৫ এপ্রিল কুদ্দুসের স্ত্রী পিপাসা মেলান্দহ থানায় লিখিত অভিযোগ দেন।

ভুক্তভোগী পরিবার জানায়, আব্দুল কুদ্দুস পরিবারসহ জামালপুর শহরে থাকলেও গ্রামের বাড়িতে তার মা ও স্বজনরা বসবাস করেন। ঘটনার রাতে জাকির হোসেনকে বাড়ির আশপাশে ঘোরাফেরা করতে দেখা যায়। পরে চুরি হওয়া একটি শাড়ি একই এলাকার শহীদের স্ত্রী নাছিমার কাছে বিক্রি করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ঘটনার পর বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার জন্য সালিশ বসানো হয়। সালিশে নাছিমা চুরির মালামাল কেনার বিষয়টি স্বীকার করলে অভিযোগের সত্যতা প্রাথমিকভাবে উঠে আসে। তবে অভিযুক্ত জাকির হোসেনকে উপস্থিত হতে বলা হলেও তিনি সেখানে হাজির হননি। পরে সরাসরি ব্যবস্থা নিতে সাহস না পেয়ে ভুক্তভোগী পরিবারকে থানায় অভিযোগ করার পরামর্শ দেওয়া হয়।

ভুক্তভোগী পিপাসা বলেন, মেয়ের জন্য দীর্ঘদিন ধরে গহনা ও প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করেছি। সবকিছু চুরি হয়ে গেছে। আমি এর সঠিক বিচার চাই।

এদিকে ঘটনার পর থেকেই অভিযুক্ত জাকির হোসেন পলাতক রয়েছেন। তার ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়। বুধবার তার বাড়িতে গিয়েও তাকে পাওয়া যায়নি।

মেলান্দহ থানার উপ-পরিদর্শক জোর্তিময় সরকার জানান, লিখিত অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করে চুরির আংশিক সত্যতা পাওয়া গেছে। তদন্ত চলমান রয়েছে এবং অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।

উল্লেখ্য, এর আগে রান্ধুণীগাছা গ্রামে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে স্ত্রীকে তালাক দেওয়ার ঘটনায় জাকির হোসেন ব্যাপক সমালোচনার মুখে পড়েন। সেই সময় তিনি নিজেই ঘটনার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top