সোমবার, ৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২

ফিলিং স্টেশনে ভুয়া ডিজিএফআই পরিচয়ে যুবক গ্রেপ্তার

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৬ এপ্রিল ২০২৬, ২০:০৪

সংগৃহীত

বগুড়ার নন্দীগ্রামে মুকিত পার্থ (৩৬) নামের এক যুবককে ফিলিং স্টেশনে তদারকির অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনা ঘটে সোমবার (৬ এপ্রিল) দুপুরে উপজেলার রনবাঘা বাসস্ট্যান্ড সংলগ্ন ‘জোহা ফিলিং স্টেশন’-এ। মুকিত পার্থ উপজেলার নন্দীগ্রাম সদর ইউনিয়নের তেঘরী গ্রামের মনজুরুল হকের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, জ্বালানি সংকটের কারণে ফিলিং স্টেশনে দীর্ঘ লাইনে মোটরসাইকেল আরোহীরা তেল নিচ্ছিলেন। এ সময় মুকিত পার্থ নিজেকে ডিজিএফআই কর্মকর্তা পরিচয় দিয়ে উপস্থিত লোকজনকে শৃঙ্খলার সঙ্গে তেল সংগ্রহের নির্দেশ দেন।

তিনি ফিলিং স্টেশনের কার্যক্রমে হস্তক্ষেপ করে তেল বিতরণ, মজুতের পরিমাণসহ বিভিন্ন তথ্য জানতে চাইতেন এবং তদারকির ভান করতেন। একপর্যায়ে তার কথাবার্তা অসংলগ্ন ও আচরণ সন্দেহজনক মনে হওয়ায় উপস্থিত জনতা ও ফিলিং স্টেশনের কর্মচারীরা তাকে আটক করে পুলিশে খবর দেন। পরে নন্দীগ্রাম থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মুকিত পার্থকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।

নন্দীগ্রাম থানার ওসি তারিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, জোহা ফিলিং স্টেশনের কর্মচারী সাত্তার আলী আকন্দ বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলায় ভুয়া ডিজিএফআই পরিচয়দানকারী মুকিত পার্থকে গ্রেপ্তার করা হয়েছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top