সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩

ছেলের মৃত্যুর শোকে এক দিন পরে বাবার মৃত্যু

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২০ এপ্রিল ২০২৬, ১৬:২১

সংগৃহীত

ঠাকুরগাঁওয়ে ক্যানসারে আক্রান্ত ছেলের দাফন সম্পন্ন করতে গিয়ে স্ট্রোকে আক্রান্ত হওয়া ৮০ বছর বয়সী বৃদ্ধ বাবা নূর ইসলামও মারা গেছেন। সোমবার (২০ এপ্রিল) সকালে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

এর ফলে একই পরিবারের দুই দিনের ব্যবধানে বাবা-ছেলের মৃত্যুতে এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ঠাকুরগাঁও পৌর শহরের পূর্ব গোয়ালপাড়া এলাকার বাসিন্দা আমজাদ হোসেন (৩৫) দীর্ঘদিন ক্যানসারে আক্রান্ত ছিলেন। গত শনিবার চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ছেলের মৃত্যুতে শোকাহত পরিবার রোববার তার দাফন সম্পন্ন করে। দাফনের সময়ই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বাবা নূর ইসলাম। পরে স্বজনরা তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকরা জানান, তিনি স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন।

হাসপাতালে একদিন মৃত্যুর সঙ্গে লড়াই করার পর সোমবার সকালে তিনি মারা যান।

স্থানীয় বাসিন্দারা জানান, একই পরিবারের এমন পরপর দুটি মৃত্যু এলাকায় হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি করেছে। পূর্ব গোয়ালপাড়ার বাসিন্দা মোহাম্মদ আবু বলেন, “ছেলের দাফনের সময়ই তিনি অসুস্থ হয়ে পড়েন। আজ তিনিও চলে গেলেন। পরিবারটি বাকরুদ্ধ হয়ে গেছে।”

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top