ঝিনাইদহে আধিপত্যের দ্বন্দ্বে বিএনপির দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ, নিহত ১
সারাদেশ ডেস্ক | প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২৬, ১৫:৪৩
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে মোহন শেখ (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় নারীসহ অন্তত ১৯ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে উপজেলার মনোহরপুর ইউনিয়নের মাধবপুর খালপাড়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত মোহন শেখ ওই এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জেলা যুবদল নেতা আবু জাহিদ চৌধুরীর অনুসারীদের সঙ্গে উপজেলা যুবদলের সদস্য সচিব আবুল বাশার তরিকুল সাদাতের পক্ষের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় বুধবার সন্ধ্যায় জাহিদের এক সমর্থককে মারধরের ঘটনা ঘটে।
এর জেরে বৃহস্পতিবার সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন। পরে আহতদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মোহন শেখকে মৃত ঘোষণা করেন।
স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. নাহিদ এমরান তন্নি জানান, হাসপাতালে আনার আগেই মোহন শেখের মৃত্যু হয়েছে। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। গুরুতর আহত আব্বাস শেখকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুরে পাঠানো হয়েছে।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির মোল্লা বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এলাকায় উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।