বৃহঃস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩

জানুয়ারিতে অডিও ভাইরাল, এবার ইউএনও শামীমার থাপ্পড়ের ভিডিও ভাইরাল

সারাদেশ ডেস্ক | প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২৬, ১৫:৫৩

ছবি: সংগৃহীত

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় এক যুবককে চড় মারার অভিযোগ উঠেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা আক্তার জাহানের বিরুদ্ধে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন ওই কর্মকর্তা।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, চাপারহাট কলেজের সহকারী অধ্যাপক গোলক চন্দ্র অসুস্থ থাকায় তার গ্যারেজ কর্মচারী (১৮) ফুয়েল কার্ড ও অর্থ নিয়ে তেল নেওয়ার জন্য লাইনে দাঁড়ান। বুধবার বিকেলে চন্দ্রপুর ইউনিয়নের চাপারহাট বাজারের একটি ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।

লাইনে থাকা অবস্থায় তদারকিতে থাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা ওই যুবকের কার্ড যাচাই করেন। কার্ডের ছবির সঙ্গে তার চেহারার মিল না থাকায় কোনো কথা জিজ্ঞাসা না করেই তাকে চড় মারেন বলে অভিযোগ করেন প্রত্যক্ষদর্শীরা। এতে ঘটনাস্থলে উত্তেজনা সৃষ্টি হয়।

পরে বিষয়টি যাচাই করে অসুস্থ কলেজ শিক্ষকের মোটরসাইকেল ও ফুয়েল কার্ডের সত্যতা নিশ্চিত করা হয় এবং ওই যুবককে ছেড়ে দেওয়া হয়।

অভিযুক্ত যুবক বলেন, তিনি গ্যারেজে কাজ করেন এবং মালিকের নির্দেশে অসুস্থ শিক্ষকের কার্ড ও অর্থ নিয়ে তেল নিতে গিয়েছিলেন। তার দাবি, কোনো কথা না বলেই তাকে একাধিক চড় মারা হয়। তিনি এর বিচার দাবি করেন।

তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা আক্তার জাহান অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি কোনো ধরনের চড় মারেননি। তার ভাষ্য অনুযায়ী, শুধু গাড়ির চাবি নিয়ে নেওয়া হয়েছিল এবং সঠিক কাগজপত্র না থাকায় পরে অফিসে যোগাযোগ করতে বলা হয়। পরবর্তীতে অভিভাবকরা এলে চাবি ফেরত দেওয়া হয়েছে বলে জানান তিনি।

এর আগে গত জানুয়ারিতেও ওই কর্মকর্তাকে ঘিরে বিতর্ক সৃষ্টি হয়। তখন একটি অনুষ্ঠানে তাকে সম্বোধন করা নিয়ে অসন্তোষ প্রকাশের ঘটনায় একটি অডিও রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, যা নিয়ে সে সময়ও আলোচনা-সমালোচনা হয়।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top