অনলাইন আম বিক্রেতাদের জন্য ‘আম কার্ড’ দেওয়ার ঘোষণা বিএনপি নেতার
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৫ মে ২০২৬, ১৯:৩৪
চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে অনলাইনভিত্তিক আম ব্যবসাকে আরও সুশৃঙ্খল ও বিশ্বাসযোগ্য করতে ‘আম কার্ড’ চালুর ঘোষণা দিয়েছেন বিএনপি নেতা আশরাফুল হক, যিনি আশরাফুল ভেড়ী নামে পরিচিত।
মঙ্গলবার (৫ মে) বিকেলে এক সাক্ষাৎকারে তিনি জানান, অনলাইনে আম কেনাবেচার ক্ষেত্রে ক্রেতা ও বিক্রেতার মধ্যে আস্থার ঘাটতি দূর করতে এই উদ্যোগ নেওয়া হচ্ছে।
আশরাফুল হক রহনপুর পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর। আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতিও নিচ্ছেন তিনি।
তিনি বলেন, আম চাঁপাইনবাবগঞ্জের মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ সম্পদ। এই সম্পদকে ঘিরে অনেকের জীবিকা ও স্বপ্ন জড়িয়ে রয়েছে। তাই আমের উন্নয়ন ও সুরক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে অনলাইন আম ব্যবসা নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, অনলাইনে কেনাকাটার ক্ষেত্রে অনেক সময় আগাম টাকা পাঠাতে হয়, যা নিয়ে ক্রেতাদের মধ্যে শঙ্কা থাকে। ‘আম কার্ড’ চালু করা হলে বিক্রেতাদের একটি পরিচয় নিশ্চিত হবে এবং এতে ক্রেতা-বিক্রেতার মধ্যে বিশ্বাস তৈরি হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এই উদ্যোগ বাস্তবায়ন হলে অনলাইন আম ব্যবসায় স্বচ্ছতা ও আস্থার নতুন দিগন্ত তৈরি হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।