মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২

অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিনতে সরকারকে আইনি নোটিশ

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৪ মার্চ ২০২৬, ১৫:০৯

ছবি: সংগৃহীত

দেশের আকাশসীমা ও সার্বভৌমত্ব রক্ষায় অবিলম্বে বিদেশি অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্রয় এবং নিজস্ব প্রযুক্তিতে গবেষণার উদ্যোগ নিতে সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

মঙ্গলবার (২৪ মার্চ) জনস্বার্থে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান সংশ্লিষ্ট দপ্তরগুলোর কাছে এ নোটিশ পাঠান। আধুনিক আকাশযুদ্ধের ঝুঁকি থেকে নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে নোটিশে উল্লেখ করা হয়।

মন্ত্রিপরিষদ সচিব, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব, অর্থ মন্ত্রণালয়ের সচিব, সশস্ত্র বাহিনী বিভাগের প্রধান স্টাফ কর্মকর্তা এবং বাংলাদেশ সমরাস্ত্র কারখানার কমান্ড্যান্ট বরাবর এ নোটিশ পাঠানো হয়েছে।

নোটিশে বলা হয়, জাতীয় বাজেটের একটি বড় অংশ প্রতিবছর প্রতিরক্ষা খাতে ব্যয় করা হয়, যা জনগণের কষ্টার্জিত করের অর্থ। এত বিপুল ব্যয়ের পরও দেশের সামরিক বাহিনী বিদেশি শত্রুর মিসাইল, যুদ্ধবিমান ও ড্রোন হামলা থেকে আকাশসীমা ও নাগরিকদের রক্ষা করতে সক্ষম কি না—সে প্রশ্ন তোলার অধিকার জনগণের রয়েছে।

এতে আরও উল্লেখ করা হয়, আধুনিক যুদ্ধের ধরন বদলে গেছে। স্থলযুদ্ধের তুলনায় বর্তমানে মিসাইল ও ড্রোন হামলার ঝুঁকি অনেক বেশি। বিভিন্ন প্রতিবেদনের তথ্য অনুযায়ী, দেশে কার্যকর ও পূর্ণাঙ্গ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার বড় ধরনের ঘাটতি রয়েছে। ফলে বিদেশি আক্রমণের ক্ষেত্রে সামরিক স্থাপনার পাশাপাশি সাধারণ মানুষের জীবনও ঝুঁকির মুখে পড়তে পারে।

নোটিশে আঞ্চলিক অস্থিতিশীলতা, প্রতিবেশী মিয়ানমারের চলমান গৃহযুদ্ধ এবং ভূরাজনৈতিক উত্তেজনার বিষয় তুলে ধরা হয়। এতে বলা হয়, প্রতিবেশী ভারত ইতোমধ্যে রাশিয়ার অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপন করেছে। এই প্রেক্ষাপটে আঞ্চলিক ভারসাম্য বজায় রাখতে বাংলাদেশেরও উন্নত মানের সমমানের প্রতিরক্ষা ব্যবস্থা দ্রুত সংগ্রহ করা প্রয়োজন।

পাশাপাশি বিদেশি নির্ভরতা কমাতে নিজস্ব প্রযুক্তি উদ্ভাবনে গবেষণা কার্যক্রম শুরু করাকে কৌশলগতভাবে জরুরি বলে উল্লেখ করা হয়।

সংবিধানের ৩১ ও ৩২ অনুচ্ছেদ উল্লেখ করে নোটিশে বলা হয়, নাগরিকের জীবন ও নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব। আকাশসীমা প্রতিরক্ষায় ঘাটতি রাখা সেই দায়িত্বে অবহেলার শামিল এবং মৌলিক অধিকারের লঙ্ঘন।

নোটিশে আগামী ১৫ দিনের মধ্যে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্রয় এবং নিজস্ব প্রযুক্তি উন্নয়নে প্রয়োজনীয় তহবিল ও অবকাঠামো বরাদ্দের প্রক্রিয়া শুরুর আহ্বান জানানো হয়েছে। অন্যথায় সংবিধানের ১০২ অনুচ্ছেদ অনুযায়ী উচ্চ আদালতে জনস্বার্থে রিট দায়ের করা হবে বলে সতর্ক করা হয়েছে।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top