মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২

ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন নগরবাসী

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৪ মার্চ ২০২৬, ১৪:১৭

ছবি: সংগৃহীত

মা-বাবাসহ পরিবার-পরিজনের সঙ্গে পবিত্র ঈদের আনন্দ ভাগাভাগি শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছেন মানুষ। ঈদের ছুটির শেষ দিন সোমবার (২৩ মার্চ) বিকেল থেকে দেশের বিভিন্ন জেলা থেকে কর্মজীবীরা ঢাকামুখী হচ্ছেন।

বাস, ট্রেন ও লঞ্চ টার্মিনালে প্রথম কর্মদিবসে মঙ্গলবার (২৪ মার্চ) যাত্রীদের ভিড় লক্ষ্য করা গেছে। তবে কিছু ক্ষেত্রে ফেরার পথে ভোগান্তির কথাও জানিয়েছেন যাত্রীরা। বিশেষ করে বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরতরা নির্ধারিত সময়ের আগেই রাজধানীতে ফেরার চেষ্টা করছেন।

গাবতলী কাউন্টারের ঢাকা-খুলনা রুটে সোহাগ পরিবহনের ম্যানেজার মোহাম্মদ সুলাইমান জানান, সকাল থেকে তিনটি বাস ছেড়ে দেওয়া হলেও সব মিলিয়ে ২০ জনের বেশি যাত্রী ছিলেন না। স্বাভাবিক ভাড়া ৫৫০ টাকা হলেও অনেক ক্ষেত্রে কম ভাড়ায় যাত্রী নিতে হচ্ছে।

খুলনা থেকে ঢাকা ফিরতে আসা হানিফ পরিবহনের যাত্রী হুমায়ুন কবির বলেন, “যাওয়ার সময় টিকিট পেতে কিছুটা ভোগান্তি হয়েছিল। গাড়িতেও অস্বস্তি ছিল এবং ভাড়াও সামান্য বেশি ছিল। কিন্তু ফেরার সময় কোনো সমস্যা হয়নি—আগেই টিকিট কেটে রেখেছিলাম। ঈদে মা-বাবা ও পরিবারের সঙ্গে আনন্দে সময় কাটিয়েছি। সেই আনন্দ নিয়েই এখন আবার অফিসে ফিরছি।”

পরিবহন সংশ্লিষ্টরা জানিয়েছেন, ঈদের ছুটি শেষে ধীরে ধীরে রাজধানীর কর্মচাঞ্চল্য ফিরে আসছে এবং দু-এক দিনের মধ্যে নগরীর স্বাভাবিক ব্যস্ততা পুরোপুরি ফিরবে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top