জন্মদিনে নতুন চমক ‘রকস্টার’-এর ফার্স্ট লুকে ভিন্ন রূপে শাকিব খান
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২৮ মার্চ ২০২৬, ১২:৪৬
ঈদে মুক্তি পাওয়া প্রিন্স সিনেমার সাফল্যের রেশ কাটতে না কাটতেই নতুন আলোচনায় ঢাকাই সিনেমার শীর্ষ তারকা শাকিব খান। ‘প্রিন্স’ নিয়ে দর্শকদের উন্মাদনা এখনও চলমান থাকলেও, এর মধ্যেই নতুন সিনেমা রকস্টার দিয়ে আবারও চমক দিলেন তিনি।
শনিবার (২৮ মার্চ) নিজের জন্মদিন উপলক্ষে ভক্তদের জন্য বিশেষ উপহার হিসেবে ‘রকস্টার’-এর ফার্স্ট লুক পোস্টার প্রকাশ করেন শাকিব খান। সামাজিকমাধ্যমে শেয়ার করা পোস্টারটি মুহূর্তেই ভক্তদের মাঝে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।
পোস্টারে একেবারে ভিন্ন লুকে দেখা গেছে তাকে। কালো পিচঢালা রাস্তার ওপর বসে থাকা শাকিবের স্টাইল পুরোপুরি একজন রকস্টারের মতো। ড্র্যাডলক হেয়ারস্টাইল, হাতে-পায়ে ট্যাটু, কালো স্লিভলেস গেঞ্জি ও শর্টস, লাল কনভার্স জুতা—সব মিলিয়ে তার উপস্থিতিতে এসেছে নতুনত্ব। চোখে কালো সানগ্লাস ও গলায় নেকলেস তার লুককে আরও আকর্ষণীয় করে তুলেছে।
পোস্টারের ক্যাপশনে শাকিব খান লেখেন, এটি তার প্রিয় দর্শকদের জন্য জন্মদিনের বিশেষ উপহার।
জানা গেছে, ছবিতে দ্বিতীয় নায়িকা হিসেবে থাকছেন তানজিয়া জামান মিথিলা। এছাড়া প্রধান নায়িকা হিসেবে শোনা যাচ্ছে সাবিলা নূর-এর নাম। সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন আয়মান আসিব স্বাধীন এবং প্রযোজনা করছে সান কমিউনিকেশন।
গত কয়েক বছরে শাকিব খানের কাজের ধরন ও পর্দা উপস্থিতিতে যে পরিবর্তন এসেছে, তা ‘প্রিন্স’-এ যেমন দেখা গেছে, তেমনি ‘রকস্টার’-এর এই নতুন লুকও ভক্তদের মনে নতুন আশার সঞ্চার করেছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।