পুলিশ আগের কোনো ঐতিহ্যমণ্ডিত পোশাকে ফিরবে: স্বরাষ্ট্রমন্ত্রী
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৮ মার্চ ২০২৬, ১৪:৫০
পুলিশ বাহিনীর বর্তমান পোশাক নিয়ে সদস্যদের মধ্যে অসন্তোষ রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এই প্রেক্ষাপটে পুলিশের জন্য অতীতের ঐতিহ্যমণ্ডিত ও উপযুক্ত কোনো পোশাক পুনরায় চালুর বিষয়ে সরকার ভাবছে বলে জানান তিনি। বিষয়টি নিয়ে নীতিনির্ধারণী পর্যায়ে আলোচনা চলছে বলেও উল্লেখ করেন মন্ত্রী।
শনিবার (২৮ মার্চ) সকালে রাজশাহীর সারদায় অবস্থিত বাংলাদেশ পুলিশ একাডেমির প্যারেড মাঠে ৪৩তম বিসিএস (পুলিশ) ব্যাচের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী কুচকাওয়াজের অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন। পরে প্রশিক্ষণের বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্ব অর্জনকারী কর্মকর্তাদের মাঝে পদক বিতরণ করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অন্যান্য সরকারি প্রতিষ্ঠানের মতো পুলিশ বাহিনীকেও বিগত ফ্যাসিবাদী শাসন দুর্বল করে দিয়েছে। সেখান থেকে ঘুরে দাঁড়াতে হবে বাহিনীকে। তিনি বলেন, বর্তমান সরকার মনে করে পুলিশ কোনো বিশেষ গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়; বরং জনগণের প্রকৃত বন্ধু হিসেবে কাজ করবে।
নির্বাচনী অঙ্গীকারের কথা উল্লেখ করে তিনি বলেন, পুলিশকে মানবিক ও সেবামূলক বাহিনীতে পরিণত করা হবে। এ লক্ষ্যে জনবল বৃদ্ধি ও বিভিন্ন সংস্কারমূলক উদ্যোগ নেওয়া হচ্ছে।
মন্ত্রী আরও জানান, একটি স্বাধীন ও শক্তিশালী পুলিশ সংস্কার কমিশন গঠনের কাজ চলছে, যাতে বাহিনীকে সম্পূর্ণভাবে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখা যায়।
নিয়োগ, বদলি ও পদোন্নতিতে সঠিক মানদণ্ড অনুসরণের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ব্রিটিশ আমলের পুরোনো পুলিশ আইনের পরিবর্তে আধুনিক ও জনবান্ধব আইন প্রণয়নেও সরকার গুরুত্ব দিচ্ছে।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।