‘প্রকৃত সাংবাদিকরা এমন করেন না':মিম
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২৬, ১০:২৫
সম্প্রতি একটি অনুষ্ঠানে ভিডিও ধারণকে কেন্দ্র করে ঘটে যাওয়া ঘটনাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল আলোচনা চলছে। ওই অনুষ্ঠানে অভিনেতা সিয়াম আহমেদ-এর স্ত্রী অবন্তী অনুরোধ করেছিলেন, তাকে টপ অ্যাঙ্গেল থেকে ভিডিও ধারণ না করতে। তবে সেই অনুরোধ উপেক্ষা করা হলে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও জানান।
ঘটনার পর বিষয়টি নিয়ে নানা প্রতিক্রিয়া দেখা যায়। এ সময় অভিনেত্রী পরীমনি অবন্তীর পাশে দাঁড়িয়ে একটি ভিডিওবার্তাও প্রকাশ করেন।
এবার এ প্রসঙ্গে নিজের মতামত জানিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। তিনি বলেন, প্রকৃত অর্থে পেশাদার সাংবাদিকরা কখনোই এ ধরনের আচরণ করেন না।
মিমের ভাষায়, “যারা এমন কাজ করেন, তারা আসলে সাংবাদিক নন; বরং কনটেন্ট ক্রিয়েটর বা বিভিন্ন পেজ পরিচালনা করেন, যেখানে মূল লক্ষ্য থাকে ভিউ বাড়ানো। আমার বিশ্বাস, সত্যিকারের সাংবাদিকরা কখনো এমন করেন না।”
তিনি আরও বলেন, দীর্ঘ ক্যারিয়ারে তিনি এ ধরনের অভিজ্ঞতার মুখোমুখি হননি। তবে অনেক সময় বাইরের কিছু ব্যক্তি সাংবাদিক পরিচয় দিয়ে অনুষ্ঠানে ঢুকে পড়েন এবং সেখান থেকেই সমস্যার সৃষ্টি হয়।
মিম জানান, নিয়মিত গণমাধ্যমকর্মীদের সঙ্গে শিল্পীদের পারস্পরিক সম্মান ও আস্থার সম্পর্ক রয়েছে। “আপনারা যেমন দায়িত্ববোধ থেকে কাজ করেন, আমরাও তেমনি করি। সহকর্মী হিসেবে আপনাদের প্রতি আমাদের সম্মান আছে—এই সম্পর্কটা সবসময় বজায় থাকা উচিত,” যোগ করেন তিনি।
ঘটনাটি ঘিরে এখনো সামাজিক মাধ্যমে আলোচনা অব্যাহত রয়েছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।