বাংলাদেশে গম পাচারের অভিযোগে অভিনেত্রী নুসরাতকে তলব
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২১ এপ্রিল ২০২৬, ১৪:০২
পশ্চিমবঙ্গের রাজনৈতিক উত্তাপের মাঝেই ফের আলোচনার কেন্দ্রে টালিউড অভিনেত্রী ও প্রাক্তন সংসদ সদস্য নুসরাত জাহান। রেশন দুর্নীতি সংক্রান্ত এক তদন্তের সূত্রে তাঁর বিরুদ্ধে গম পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগ উঠেছে বলে দাবি করা হচ্ছে। এই অভিযোগের প্রেক্ষিতেই তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছে ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।
তদন্তকারী সংস্থার সূত্র অনুযায়ী, ২০১৯ সালে বশিরহাট কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের টিকিটে নির্বাচিত হওয়ার সময় সংশ্লিষ্ট সময়পর্বে রেশন দুর্নীতি ও বাংলাদেশে গম পাচারের একটি চক্র সক্রিয় ছিল বলে অভিযোগ উঠেছে। সেই সময় নুসরাত জাহান সংসদ সদস্য হিসেবে দায়িত্বে থাকায় তাঁর ভূমিকা ও বিষয়টি সম্পর্কে অবগত ছিলেন কি না—তা নিয়েই মূলত প্রশ্ন তুলছে ইডি।
সূত্রের আরও দাবি, ওই দুর্নীতির সঙ্গে সম্পর্কিত কয়েকটি আর্থিক লেনদেন ও নথিপত্রে সন্দেহজনক যোগসূত্র পাওয়া গেছে, যার কারণে অভিনেত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে। আগামী ২২ এপ্রিল তাঁকে সিজিও কমপ্লেক্সে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
তবে জানা গেছে, কলকাতার দপ্তরে হাজির না হয়ে দিল্লিতে গিয়ে জিজ্ঞাসাবাদে অংশ নিতে আগ্রহ প্রকাশ করেছেন নুসরাত জাহান। যদিও তাঁর পক্ষ থেকে এ বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কোনও মন্তব্য পাওয়া যায়নি।
এদিকে, রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন জল্পনা। নির্বাচনের আগে এই তলব এবং অভিযোগ ঘিরে তৃণমূল কংগ্রেসের প্রতিক্রিয়া কী হয়, সে দিকেই এখন নজর রাজনৈতিক পর্যবেক্ষকদের।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।