মেরিল-প্রথম আলো পুরস্কার ২০২৫ উঠলো কার কার হাতে
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২৬, ১০:৪৫
বাংলাদেশের বিনোদন জগতের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়োজনগুলোর একটি মেরিল-প্রথম আলো পুরস্কার ২০২৫ অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য ও উৎসবমুখর পরিবেশে। শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বসে এ আয়োজনের ২৭তম আসর।
এবারের আসরে আজীবন সম্মাননা প্রদান করা হয় দেশের কিংবদন্তি অভিনেতা আলমগীর-কে। সম্মাননা ক্রেস্ট তার হাতে তুলে দেন অঞ্জন চৌধুরী এবং প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান।
সংগীত জগতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ বিশেষ সম্মাননা দেওয়া হয় জনপ্রিয় রকস্টার জেমস-কে।
পুরো অনুষ্ঠানটি উপস্থাপনা করেন জনপ্রিয় দুই তারকা আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী, যাদের সাবলীল ও আকর্ষণীয় উপস্থাপনায় মুগ্ধ হন দর্শকরা।
২০২৫ সালের এই আসরে মোট ৮টি জনপ্রিয় ক্যাটাগরিতে ৩২ জন এবং ১২টি ক্রিটিক ক্যাটাগরিতে ৩৬ জন শিল্পী মনোনয়ন পেয়েছিলেন। দর্শকের ভোট ও বিচারকদের মূল্যায়নের ভিত্তিতে বিজয়ীদের নির্বাচন করা হয়।
এবারের আসরে সেরা অভিনেতা নির্বাচিত হয়েছেন আফরান নিশো, আর সেরা অভিনেত্রীর স্বীকৃতি পেয়েছেন তমা মির্জা। নবীন প্রতিভার স্বীকৃতি হিসেবে সেরা অভিনয়শিল্পীর পুরস্কার পেয়েছেন শাম্মি ইসলাম নীলা।
১৯৯৯ সালে শুরু হওয়া এই আয়োজন এখন বাংলাদেশের সংস্কৃতি ও বিনোদন অঙ্গনের এক গৌরবময় ঐতিহ্যে পরিণত হয়েছে। আয়োজকরা আশা প্রকাশ করেন, এই পুরস্কার ভবিষ্যতেও দেশের চলচ্চিত্র, নাটক ও সংগীত জগতকে আরও সমৃদ্ধ করবে।
পুরস্কার বিতরণের পাশাপাশি মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা পুরো অনুষ্ঠানকে করে তোলে আরও প্রাণবন্ত ও স্মরণীয়।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।