মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩

মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে ঝড় তুলল ‘মাইকেল’

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২৬, ১৬:০০

সংগৃহীত

পপ সম্রাট মাইকেল জ্যাকসনকে নিয়ে নির্মিত বায়োপিক “মাইকেল” মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছে। লায়ন্সগেট প্রযোজিত এই সিনেমাটি যুক্তরাষ্ট্রে ৯৭ মিলিয়ন ডলার এবং বিশ্বব্যাপী ২১৭ মিলিয়ন ডলার আয় করেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ভ্যারাইটি।

এই আয়কে বায়োপিক সিনেমার ইতিহাসে নতুন রেকর্ড হিসেবে দেখা হচ্ছে। এর আগে শীর্ষে ছিল ২০১৫ সালের “স্ট্রেট আউটা কম্পটন”, যা ৬০ মিলিয়ন ডলার আয় করেছিল। সেই রেকর্ড ছাড়িয়ে গেছে “মাইকেল”।

সিনেমাটি পরিচালনা করেছেন অ্যান্টোইন ফুকা। এতে মাইকেল জ্যাকসনের শৈশব ও ক্যারিয়ারের শুরু থেকে উত্থানের গল্প তুলে ধরা হয়েছে। গায়কটির চরিত্রে অভিনয় করেছেন তারই ভাগ্নে জাফর জ্যাকসন।

তবে চলচ্চিত্র সমালোচকদের একাংশের মতে, সিনেমাটি তুলনামূলকভাবে পরিমার্জিতভাবে উপস্থাপন করা হয়েছে। বিশেষ করে মাইকেল জ্যাকসনের জীবনের শেষ পর্যায়ে তার বিরুদ্ধে ওঠা শিশু যৌন নির্যাতনের অভিযোগগুলো এতে অন্তর্ভুক্ত করা হয়নি বলে সমালোচনা রয়েছে।

প্রায় ২০০ মিলিয়ন ডলার বাজেটে নির্মিত এই সিনেমাটিতে যৌথভাবে কাজ করেছে লায়ন্সগেট, ইউনিভার্সাল এবং মাইকেল জ্যাকসন এস্টেট।

গত ২৪ এপ্রিল আন্তর্জাতিকভাবে মুক্তি পাওয়া “মাইকেল” বিশ্বজুড়ে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে। বাংলাদেশেও একই সময়ে সিনেমাটি দেখার সুযোগ পাচ্ছেন দর্শকরা।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top