না ফেরার দেশে অভিনেতা তারিকুজ্জামান তপন
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২৬, ২৩:২৮
দেশের জনপ্রিয় অভিনেতা তারিকুজ্জামান তপন আর নেই। শুক্রবার (২৪ এপ্রিল) রাত আনুমানিক ৮টার দিকে নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু।
পারিবারিক সূত্রে জানা যায়, গত ডিসেম্বর মাসে তারিকুজ্জামান তপনের খাদ্যনালিতে ক্যানসার ধরা পড়ে। চিকিৎসকদের ভাষ্যমতে, তখনই রোগটি চতুর্থ পর্যায়ে পৌঁছে গিয়েছিল। এরপর থেকে নিয়মিত চিকিৎসা এবং একাধিক কেমোথেরাপি নিলেও তার শারীরিক অবস্থার উন্নতি হয়নি।
অভিনেতার স্ত্রী সাবিনা হেলেন জানান, শেষ সময়গুলোতে তিনি কিছুই খেতে পারছিলেন না। ঘন ঘন বমি এবং তীব্র শারীরিক যন্ত্রণায় দিন কাটছিল তার। চিকিৎসার ব্যয় বহন করতে গিয়ে পরিবারটি চরম আর্থিক সংকটে পড়ে। সরকারি হাসপাতালে ভর্তির চেষ্টা করেও শয্যা না পাওয়ায় ব্যর্থ হন তারা। অন্যদিকে বেসরকারি হাসপাতালে চিকিৎসা চালিয়ে যাওয়া দিন দিন কঠিন হয়ে ওঠে।
এই অবস্থায় পরিবারটি সরকার ও সহকর্মীদের সহায়তা কামনা করেছিল। তবে সব প্রচেষ্টা ব্যর্থ করে দিয়ে শেষ পর্যন্ত তিনি না ফেরার দেশে পাড়ি জমান।
ছোট পর্দা ও চলচ্চিত্রে দীর্ঘদিনের ক্যারিয়ারে তারিকুজ্জামান তপন দর্শকদের কাছে বিশেষ করে কমেডি চরিত্রে অভিনয়ের মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন। তার মৃত্যুতে শোবিজ অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।