বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩

সেন্সর জটিলতা কাটিয়ে অবশেষে মুক্তি পাচ্ছে থালাপথি বিজয়ের ‘জন নায়গন’

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২৬, ১৬:০৪

সংগৃহীত

দীর্ঘ প্রতীক্ষা ও সেন্সর বোর্ডের সাথে আইনি জটিলতা শেষে অবশেষে মুক্তি পেতে যাচ্ছে দক্ষিণ ভারতীয় মেগাস্টার থালাপথি বিজয়ের বহুল আলোচিত সিনেমা ‘জন নায়গন’।

রাজনৈতিক অ্যাকশন-ড্রামা ঘরানার এই চলচ্চিত্রটি আগামী ৮ মে ২০২৬ তারিখে বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

অভিনেতা বিজয় রাজনীতিতে যোগ দেওয়ার ঘোষণা দেওয়ার পর এটি হতে যাচ্ছে তার ক্যারিয়ারের শেষ চলচ্চিত্র। ফলে সিনেমাটি ঘিরে ভক্ত ও দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ ও উন্মাদনা তৈরি হয়েছে।

এইচ. বিনোথ পরিচালিত ছবিতে বিজয়কে একজন প্রাক্তন পুলিশ কর্মকর্তার চরিত্রে দেখা যাবে। এতে খলনায়ক হিসেবে অভিনয় করেছেন ববি দেওল, আর কেন্দ্রীয় নারী চরিত্রে রয়েছেন পূজা হেগড়ে। এছাড়া মামিথা বাইজু, গৌতম বাসুদেব মেনন, প্রকাশ রাজ ও প্রিয়ামণির মতো তারকারাও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন।

কেভিএন প্রোডাকশনের ব্যানারে নির্মিত এই সিনেমাটি মূলত ২০২৬ সালের পোঙ্গল উৎসবকে কেন্দ্র করে মুক্তির কথা ছিল। সে সময় অগ্রিম টিকিট বিক্রিতে প্রায় ১০০ কোটি টাকার রেকর্ড গড়েছিল সিনেমাটি। তবে সেন্সর সংক্রান্ত জটিলতার কারণে মুক্তি পিছিয়ে যায়।

সম্প্রতি অনলাইনে সিনেমার কিছু অংশ ফাঁস হয়ে যাওয়ায় বক্স অফিস আয়ে প্রভাব পড়ার আশঙ্কা থাকলেও নির্মাতারা মনে করছেন, বিজয়ের তারকা জনপ্রিয়তা সব বাধা অতিক্রম করবে।

এদিকে সিনেমাটি তামিলনাড়ুর নির্বাচনের ফলাফল ঘোষণার পরপরই মুক্তি পেতে যাচ্ছে। রাজনৈতিক মহলের মতে, বিজয়ের রাজনৈতিক অবস্থান ও নির্বাচনী ফলাফল সিনেমার ব্যবসায়িক সাফল্যে প্রভাব ফেলতে পারে।

সব মিলিয়ে ‘জন নায়গন’ মুক্তি নিয়ে চলচ্চিত্র অঙ্গনে এখন তুমুল আলোচনা চলছে। বিদায়ী এই ছবিতে বড় পর্দায় থালাপথি বিজয়কে শেষবারের মতো দেখার অপেক্ষায় রয়েছেন ভক্তরা।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top